উপজেলা পরিষদের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার বরিশালের গৌরনদী, ঝালকাঠির কাঁঠালিয়া ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
গৌরনদী: নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা লীগের সভাপতি সৈয়দা মনিরুন নাহার মনোনয়নপত্র জমা দেন।
দুপুর সাড়ে ১২টায় বরিশাল নির্বাচন অফিসে ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো. আরিফুল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সহসভাপতি মো. মঞ্জুর হোসেন। গত বছর ১৯ ফেব্রুয়ারি গৌরনদী উপজেলা চেয়ারম্যান মো. শাহ আলম খানের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়।
কাঁঠালিয়া: উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম কিবরিয়া শিকদার ও বিএনপির প্রার্থী সাব্বির আহম্মেদ মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল দুপুরে গোলাম কিবরিয়া ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. সোহেল সামাদের কাছে এবং সাব্বির আহম্মেদ কাঁঠালিয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আইয়ুব আলী হাওলাদারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী লীগের প্রার্থী গোলাম কিবরিয়া শিকদার মনোনয়নপত্র দাখিলের সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গোলাম কিবরিয়া শিকদার উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান মো. ফারুক শিকদারের ছোট ভাই। সাব্বির আহম্মেদ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরের সহকারী একান্ত সচিব ছিলেন।
গত বছরের ৬ অক্টোবর কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক শিকদারের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। কাঁঠালিয়া উপজেলার ৭৮ হাজার ৩৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৩৮ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ৩৯ হাজার ৫৮৬ জন নারী ভোটার।
রাঙ্গাবালী: আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের তিনজন প্রার্থী গতকাল মনোনয়নপত্র দাখিল করেছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু বকর ছিদ্দিকী জানান, আওয়ামী লীগের সমর্থন নিয়ে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পটুয়াখালী আবদুল করিম মৃধা কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, বিএনপির সমর্থন নিয়ে উপজেলা বিএনপির উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন আকন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি আমির হোসেন মোল্লা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান কবির চান গত বছরের ২ জুলাই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলে এই পদটি শূন্য হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ১০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার ও ১৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে। আগামী ৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।