মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে রাজধানীর গোপীবাগে জেলা রিটার্নিং কর্মকর্তা আবদুন বাতেনের কাছে ইশরাক মনোনয়নপত্র জমা দেন।
গোপীবাগের যে এলাকায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সে এলাকাতেই ইশরাক হোসেনের বাড়ি। বেলা আড়ইটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র মির্জা আব্বাস, ঢাকা মহানগর বিএনপির নেতা আবদুস সালাম ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে নিয়ে নিজ বাড়ি থেকে বের হন ইশরাক।
মির্জা আব্বাস ও ইশরাক একই গাড়িতে ওঠেন। তাঁদের গাড়ির পেছনে আরও সাতটি গাড়িতে দলের নেতা-কর্মী ও সমর্থকেরা ছিলেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কাছে এসে সবাই গাড়ি নেমে পড়েন। তাঁরা প্রায় ৫০ জন সেখানে ছিলেন। পরে মির্জা আব্বাস, আবদুস সালামসহ পাঁচজনকে সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢোকেন ইশরাক। এ সময় অন্যরা বাইরে অপেক্ষা করতে থাকেন।
রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইশরাক। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই, এখন ক্রান্তিকাল চলছে। এই নির্বাচনকে ঘিরে দল ঐক্যবদ্ধ হয়েছে। আমরা বিজয় ছিনিয়ে আনব।’
নির্বাচনী পরিবেশের বিষয়ে জানতে চাইলে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক বলেন, ‘এখনো নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলার সময় আসেনি। কিছুদিন পার হলে হলে বলতে পারব।’
ইশরাক বলেন, ‘বিশ্বের অভিজ্ঞ পরিকল্পনাবিদদের এনে ঢাকাকে উন্নত করা কোনো ব্যাপার ছিল না। গত ১২ বছরে দেশ থেকে যে পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, সেই অর্থ বাংলাদেশে থাকলে ঢাকাসহ দেশের পাঁচটি মেট্রোপলিটন সিটি উন্নত শহর হতো। কিন্তু সেটা হয়নি। আমরা উচ্চশিক্ষিত, আমরা জানি নগরকে কীভাবে উন্নত করতে হয়।’
নির্বাচন কমিশনের ওপর আস্থার বিষয়ে ইশরাক হোসেন বলেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনে ৩০ ডিসেম্বরের নির্বাচনে কী হয়েছে, তা আপনারা দেখেছেন। এমন প্রেক্ষাপটে একজন প্রার্থী হিসেবে কমিশনের ওপর কতটুকু আস্থা থাকতে পারে?’ তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের ভুল সংশোধনের সময় এসেছে। আশা করি, তারা তা করবে।’