মনোনয়নপত্র নিলেন বিএনপির সাবেক সাংসদ সোহরাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন মনোনয়নপত্র তুলেছেন। সাবেক এই সাংসদ আওয়ামী লীগের হেভিওয়েট নেতা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান সাংসদ মাহবুব উল আলম হানিফের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে।

বিএনপির নেতা–কর্মীরা বলছেন, কেন্দ্র থেকে সবুজ সংকেত পাওয়ায় তাঁরা উজ্জীবিত। গত বুধবার বিকেলে সদর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে সোহরাব উদ্দীন মনোনয়নপত্র নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ কে বিশ্বাস বাবু এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক।

মনোনয়নপত্র কেনার পর থেকে দলটির নেতা–কর্মীরা সোহরাব উদ্দীনের সঙ্গে দেখা করতে প্রতিদিন শহরের মজমপুর এলাকায় তাঁর ব্যক্তিগত কার্যালয়ে ভিড় করছেন। গত তিন বছরে দলটির নেতা–কর্মীদের এমন সরব উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি।

নেতা–কর্মীদের দাবি, পুলিশের মামলায় জর্জরিত ছিলেন বিএনপির নেতা–কর্মীরা। একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এবং উচ্চ আদালত থেকে নেতা–কর্মীরা জামিন নিয়ে এলাকায় এসে সরব হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১৪টি ইউনিয়নে বিএনপির নেতা–কর্মীদের মধ্যে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোহরাব উদ্দীন উপজেলার আবদালপুর ও মনোহরদিয়া ইউনিয়নে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

রাতে শহরের মজমপুর এলাকায় তাঁর ব্যক্তিগত কার্যালয়ে নেতারা ভিড় করেন। এর মধ্যে কয়েকজন নারী নেত্রীকেও দেখা যায়। এ ছাড়া তিনি বিত্তিপাড়া বাজারে দলীয় নেতা–কর্মী ও জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। গতকাল সকালে তিনি পিয়ারপুর, রাজাপুর, বিষ্ণুদিয়া লক্ষ্মীপুরে গণসংযোগ করেন।

সোহরাব উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘এলাকার মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। জনগণ চান, তাঁরা যাতে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন। দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি। গত ১০ বছর যেভাবে দলকে ধরে রেখেছি, তাতে মনোনয়ন পাব বলে আশা করছি।’

এই আসনে এবার মোট ভোটার সংখ্যা তিন লাখ ৭২ হাজার ৮০৫।