মনোনয়নপত্রে স্বাক্ষর জালের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে ২ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য পদের প্রার্থী দেওয়ান মিজানুর রহমান টিটোর মনোনয়নপত্রে সমর্থকের স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে। তাঁর মনোনয়নপত্রে সমর্থক হিসেবে স্বাক্ষর করেননি বলে দাবি করেছেন জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের নারী সদস্য পারভিন আকতার। মিজানুর রহমান তাঁর স্বাক্ষর জাল করেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন এই নারী সদস্য।
পারভিন আকতার দাবি করেন, মিজানুর রহমানের মনোনয়নপত্রে প্রস্তাবক বা সমর্থনকারী কোনো হিসেবেই তিনি স্বাক্ষর করেননি। মিজানুর রহমানের মনোনয়নপত্রে তাঁর যে স্বাক্ষর রয়েছে তা জাল।
জেলা পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিজানুর রহমান। গতকাল বিকেলে মুঠোফোনে কথা হলে তিনি দাবি করেন, তাঁর মনোনয়নপত্রে বম্বু ইউপির সংরক্ষিত নারী সদস্য পারভিন আকতার স্বেচ্ছায়, সজ্ঞানে স্বাক্ষর করেছেন। এখন পারভিন আকতার অপর দুই প্রার্থীর চাপে এবং তাঁদের হুমকির মুখে সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে স্বাক্ষর জালের মিথ্যা অভিযোগ করছেন।
গতকাল সোমবার জয়পুরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউপি সদস্য পারভিন আকতার লিখিত অভিযোগে দাবি করেন, মিজানুর রহমান তাঁর জাতীয় পরিচয়পত্রের নম্বর গোপনে সংগ্রহ করে মনোনয়নপত্রে তাঁর স্বাক্ষর জাল করে জমা দিয়েছেন। তিনি বিষয়টি জানতে পেরে গত শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক ও লিখিত অভিযোগ দিয়েছেন। তারপরও মিজানুর রহমান রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁর মনোনয়নপত্র বৈধ করিয়েছেন।
জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবদুর রহিম গতকাল বলেন, ওই ইউপি সদস্য মিজানুর রহমানের মনোনয়নপত্রে স্বাক্ষর করেননি বলে অভিযোগ করেছিলেন। এরপর ওই ইউপি সদস্যের আরও তিনটি স্বাক্ষর নেওয়া হয়। ওই তিনটি স্বাক্ষর নিয়ে মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে মিলিয়ে দেখা হয়। তবে স্বাক্ষর হবহু মিলে যাওয়ায় মনোনয়নপত্রের স্বাক্ষরটি সঠিক মনে হয়েছে। তাই তিনি ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওই নারীর অভিযোগ আমলে নেননি।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থীদের মনোনয়নপত্রে ভোটার হিসেবে সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলররা প্রস্তাবক ও সমর্থক হিসেবে স্বাক্ষর করার এখতিয়ার রাখেন।