একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর, গফরগাঁও ফুলবাড়িয়া আসনে মনোনয়নপ্রত্যাশীরা আগাম তৎপরতা শুরু করে দিয়েছেন। তাঁরা মাঠপর্যায়ে জনসংযোগ, সমাবেশ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে প্রার্থী হওয়ার ইচ্ছার কথা জানাচ্ছেন।
দলীয় ও স্থানীয় সূত্র এবং মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা যায়, ময়মনসিংহ-১০(গফরগাঁও) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ইচ্ছার কথা জানান গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কায়সার আহমেদ। সম্প্রতি তিনি ময়মনসিংহ শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগ থেকে গফরগাঁও আসনের প্রার্থী হিসাবে মনোনয়ন চাইবেন বলে ঘোষণা দেন।
কায়সার আহমেদ বলেন ‘এর আগেও আমি একাধিকবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলাম। এবারও আমি মনোনয়ন চাইব।’
গফরগাঁও আসনের বর্তমান সাংসদ ফাহমি গোলন্দাজের এলাকায় বিশাল কর্মীবাহিনী রয়েছে। তিনিও নিয়মিত সভা-সমাবেশ করে নির্বাচন করবেন বলে প্রচার চালাচ্ছেন।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রকাশ্য কোনো তৎপরতা দেখা না গেলেও জাতীয় সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে ইতিমধ্যে প্রচার শুরু করেছেন সৈয়দ শফিকুল ইসলাম। তিনি জাসদের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এবং ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি। ফুলবাড়িয়া উপজেলা সদরে বিভিন্ন সড়কে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে তাঁর পোস্টার লাগানো হয়েছে। সম্প্রতি তিনিও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, ‘জাসদের ওপর মহল থেকে সবুজ সংকেত পেয়েই নির্বাচনের প্রচার ও জনসংযোগ শুরু করেছি। জাসদ থেকে আমাকে আগামী নির্বাচনের জন্য এখনই প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমি সেই নির্দেশনা পেয়েই কাজ শুরু করেছি।’
ময়মনসিংহে সবচেয়ে বেশি মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা দেখা যাচ্ছে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে। এখানে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর দৌড়ে আছেন কমপক্ষে ১১ জন প্রার্থী। তাঁদের প্রায় সবাই ২০১৬ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এখনো জনসংযোগ, সমাবেশসহ বিভিন্ন ধরনের তৎপরতা অব্যাহত রেখেছেন। তৎকালীন সাংসদ মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে আসনটি শূন্য হয়। শূন্য আসনে ২০১৬ জুলাই মাসে উপনির্বাচন হয়। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা নাজিম উদ্দিন আহমেদ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হন। তিনি আগামী নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে দলীয় সূত্র জানায়।
গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ ও উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান সাংসদ ছাড়াও গৌরীপুরে কমপক্ষে ১১ জন প্রার্থী মনোনয়ন দৌঁড়ে রয়েছেন। তাঁরা হলেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম মোহাম্মদ আজাদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক অধ্যক্ষ মতিউর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক সামিউল আলম, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক নাজনীন আলম, ছাত্রলীগের সাবেক নেতা এ কে এম. আবদুর রফিক, মো. গোলাম মোস্তফা ওরফে ভিপি বাবুল, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল, কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক মোর্শেদুজ্জামান সেলিম, শরীফ হাসান, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মতিউর রহমান, আবুল কালাম মোহাম্মদ আজাদ, এ কে এম আবদুর রফিক, মো. গোলাম মোস্তাফা, সৈয়দ রফিকুল ইসলাম, রাবেয়া আক্তার গণসংযোগ করছেন।
ময়মনসিংহ-৩ (গৗরীপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সামিউল আলম বলেন, ‘মনোনয়ন দেওয়া দলীয় প্রধানের ব্যাপার। তবে আমি মানুষের জন্য কাজ করতে চাই।’
গৌরীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে যাচ্ছি। আমার কাছে রাজনীতির মানে মানুষের সেবা করা। সে লক্ষ্যেই আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইব।’