মনোনয়ন-বাণিজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগে গতকাল রোববার সংবাদ সম্মেলন করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা। এ ছাড়া মনোনয়ন-বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ওই নেতা-কর্মীরা।
চতুর্থ দফায় এই উপজেলার নয় ইউনিয়নে আগামী ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপির কয়েকজন নেতা-কর্মী সূত্রে জানা গেছে, উপজেলা সদরের কেশবা গ্রামে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের চাতালে গতকাল বিকেলে ওই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উপজেলা বিএনপির সভাপতি রাজ্জাকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারী আর্থিক লেনদেনের মাধ্যমে প্রার্থী নির্বাচন করছেন। এ ছাড়া ওই দুই নেতা উপজেলার রণচণ্ডী, পুটিমারী ও বড়ভিটা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ওই তিন ইউনিয়নে বিএনপির কোনো প্রার্থী দেননি। যেসব ইউনিয়নে প্রার্থী বাছাই করা হয়েছে, সেসব ইউনিয়নে দলীয় নেতা-কর্মীদের মতামত না নিয়ে অর্থের বিনিময়ে নামসর্বস্ব ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে।
দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি আসাদুর রহমানকে মনোনয়ন না দেওয়ায় তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। সেখানে উপজেলা বিএনপির একজন দুর্বল সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। পুটিমারী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবু সায়েম তাঁর (সভাপতি রাজ্জাকুল) ভাগনে ও বড়ভিটা ইউনিয়নের ফজলার রহমান তাঁর ভগ্নিপতি। তাঁরা দলের প্রার্থী না হলেও নিজ আত্মীয়কে জেতানোর জন্য ওই দুই ইউনিয়নে বিএনপির কোনো প্রার্থী দেননি।
উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম অভিযোগ করেন, কিশোরগঞ্জ সদর ইউনিয়নে যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি ফজলুল হক, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
এদিকে সংবাদ সম্মেলন শেষে বিএনপির ওই নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি রাজ্জাকুল ইসলাম বলেন, অভিযোগ সত্য নয়। তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। পুটিমারীতে বর্তমান চেয়ারম্যান আবু সায়েমকে মনোনয়ন দেওয়া হবে ও বড়ভিটা ও রণচণ্ডীতে প্রার্থী পাওয়া যাচ্ছে না। প্রার্থী দেওয়ার চেষ্টা চলছে।