মনোহরগঞ্জ উপজেলা যুবদলের ৭০ নেতার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা যুবদলের নতুন কমিটির ৭০ জন নেতা পদত্যাগ করেছেন। অগণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন করার অভিযোগ তুলে তাঁরা গতকাল বৃহস্পতিবার কুমিল্লা নগরের কান্দিরপাড় বিএনপির দলীয় জেলা কার্যালয়ে ওই পদত্যাগপত্র জমা দেন।

গতকাল বেলা তিনটায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক পদত্যাগপত্র গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি ফেরদৌস পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।

জানা যায়, গত ২৬ মে কেন্দ্রীয় যুবদলের নেতারা কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকায় ডেকে নেন। এরপর সেখানে মনোহরগঞ্জ উপজেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকায় সই করার জন্য তাঁদের বলেন। কেন্দ্রীয় নেতাদের চাপে তখন ওই কমিটিতে সই করেন তাঁরা। এতে মহিবুল্লাহ মিলনকে সভাপতি ও রহমতউল্লাহ জিকুকে সাধারণ সম্পাদক করে ওই কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল কুমিল্লায় এসে মনোহরগঞ্জের যুবদলের নেতা-কর্মীরা পদত্যাগ করেন।

এ প্রসঙ্গে নতুন কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বলেন, ‘দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে গঠনতন্ত্রবিরোধী কাজ করে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের দল চালানোর কোনো সামর্থ্য নেই। আমরা ওই কমিটি মানি না।’

ক্ষুব্ধ নেতা-কর্মীরা বলেন, অবিলম্বে ওই কমিটি বাতিল ও সম্মেলন করে উপজেলা যুবদলের কমিটি গঠন করতে হবে, তা না হলে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ‘পদত্যাগপত্র গ্রহণ করেছি। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হবে। আমাদের ঢাকায় ডেকে নিয়ে কেন্দ্রীয় নেতারা কমিটির নামের তালিকায় সই করার জন্য বলেছেন। আমরাও ওই নির্দেশ পালন করেছি।’