
সরকার থেকে দলকে আলাদা করার একটা জোর প্রয়াস আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে নিজে মন্ত্রিত্ব ও দলের দায়িত্ব—দুই কাজই চালিয়ে যাবেন। এর বাইরে আরও কোনো কাজ দিলে সেটাও করতে তিনি সক্ষম বলে জানিয়েছেন।
গতকাল রোববার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘উন্নয়ন ও সমসাময়িক রাজনীতি’ শীর্ষক এক সংলাপে এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, অনেক মন্ত্রীকে সম্পাদকমণ্ডলীতে রাখা হয়নি। সরকার থেকে দলকে আলাদা করার একটা জোর প্রয়াস ছিল এবার। কারণ মন্ত্রীদের অনেক কাজ, তাঁদের পক্ষে দলে সময় দেওয়া অনেক কঠিন।
সরকার ও দল আলাদা করার প্রশ্ন যদি আসে, তাহলে কোন পদ বেছে নেবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যে রাঁধে সে চুলও বাঁধে, যে পারে সব পারে। আমি রাস্তা দেখতে গিয়ে আওয়ামী লীগকে দেখব এবং আওয়ামী লীগকে দেখতে গিয়ে রাস্তা দেখব। আমার সমস্যা হবে না।’ তিনি বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠেন। আমি তাঁকে অনুসরণ করি। কেউ ভোর পাঁচটায় ঘুম থেকে উঠলে সকাল ১০টার মধ্যে আর কাজ খুঁজে পাবেন না। আমি ১০টার মধ্যে কাজ শেষ করে রাস্তায় বের হয়ে যাই। আমাকে আরও কোনো কাজ দিলেও করতে পারব।’
দলে দুর্বলতা সম্পর্কে জানতে ওবায়দুল কাদের বলেন, ‘সমস্যা তো আছেই। এত বড় দল, এত বড় পরিবার। পরিবারের মধ্যে কিছু ছোটখাটো সমস্যা থাকে। ছোটখাটো মনোমালিন্য আছে। বাস্তবতা অস্বীকার করে তো লাভ নেই। দলে কিছু আবর্জনা ও কীট ঢুকে গেছে। এখানে-ওখানে নানান সমস্যার সৃষ্টি করে। এগুলোকে ঠিকঠাক করা হবে।’
দলে শুদ্ধি অভিযানের পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক বলেন, ‘অলরেডি বলে দেওয়া হয়েছে, অপকর্ম যারা করছে, যারা দলের সম্মানকে ক্ষুণ্ন করছে, তারা যদি সংশোধন না হয়, পরবর্তী নির্বাচনে তাদের নমিনেশনের বিষয়টি প্রশ্নবিদ্ধ হবে। বেগ পেতে হবে।’
নির্বাচন কমিশন গঠনে বিএনপি সহায়তা করতে চাইলে নেবেন কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সংবিধানে বলা আছে, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে। ভবিষ্যতে এভাবেই হবে। এই মুহূর্তে এখানে সংলাপের কোনো প্রয়োজন নেই। ভবিষ্যতে দেশের প্রয়োজনে যদি কোনো সংলাপের প্রয়োজন হয়, তাহলে সংলাপ হবে। তিনি বলেন, ‘বিএনপি ভয়কে জয় করতে পারেনি। আন্দোলনেও পারেনি, নির্বাচনেও পারেনি। তারা একটা ভয়ের মধ্যে আছে। এত বড় একটা দল, ৫০০ লোকের মিছিল করতে পারে না। আমি তুচ্ছতাচ্ছিল্য করছি না। এখনো আওয়ামীবিরোধী শক্তি বিএনপির ব্যানারেই শেল্টার নেয়, ওই ছায়াতেই তারা আশ্রয় নেয়। কাজেই ওরা খুব দুর্বল তা আমি মনে করি না।’
জঙ্গি হামলা মোকাবিলা একটা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের জিরো টলারেন্স এবং ত্বরিত ব্যবস্থার কারণে তারা দমে গেছে। তবে সন্ত্রাসবাদ বিদায় নিয়েছে এমন আত্মসন্তুষ্টির সুযোগ নেই।