মন্ত্রিত্ব রক্ষায় ইনু উল্টাপাল্টা কথা বলছেন: রিপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদুজ্জামান রিপন। ফাইল ছবি
আসাদুজ্জামান রিপন। ফাইল ছবি

জাসদ সভাপতি হাসানুল হক ইনু মন্ত্রিত্ব রক্ষা করার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ‘উল্টাপাল্টা’ মন্তব্য করছেন বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। পাশাপাশি তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশের যে অবস্থা বর্ণনা করা হয়েছে প্রকৃত অবস্থা তার চেয়েও ভয়াবহ। তবে বিচারবহির্ভূত হত্যা, গুম ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যে নেতিবাচক কথা প্রতিবেদনে উঠে এসেছে, তা দেশের জন্য সম্মানজনক নয়।
গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু খালেদা জিয়ার সমালোচনা করে বলেছিলেন, আগুন-সন্ত্রাসের দায়ে বেগম খালেদা জিয়াকে বিচারের সম্মুখীন করে কাশিমপুর কারাগারে রাখা হবে। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়াকে আর ছাড় দেওয়া হবে না।
এই বক্তব্যের জবাবে ইনুকে ‘খুচরা পার্টির’ নেতা আখ্যা দিয়ে আসাদুজ্জামান বলেন, হাসানুল হক ইনু কবে বিচারক হয়েছেন তা তাঁদের জানা নেই। খালেদা জিয়ার বিরুদ্ধে ভেতরে ভেতরে রায় লেখা হচ্ছে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন আসাদুজ্জামান। তিনি বলেন, মন্ত্রিত্ব রক্ষা করতে এবং সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতার পথ বন্ধ করতে কিছু মন্ত্রী অতি উৎসাহী হয়ে বিএনপি সম্পর্কে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। জাসদ ও ইনুর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তারাই বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি বিঘ্নিত করার কাজ প্রথম শুরু করেছিলেন।

আসাদুজ্জামান বলেন, যখন দেশের সুশীলসমাজ সরকার এবং বিরোধী দলের মধ্যে একটি গঠনমূলক সমঝোতা প্রতিষ্ঠা করার জন্য ক্ষেত্র তৈরি করতে চান, তখন সরকারের কিছু ‘অতি বাচাল’ মন্ত্রী নানা সময় উৎকট শব্দ ব্যবহার করে এমন কিছু কথাবার্তা বলে থাকেন, তাতে করে পরিবেশ নষ্ট হয়ে যায়।