মন্ত্রিপরিষদ থেকে ফরমান জারি করলেই গণতন্ত্র হয় না: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, ‘জনগণের প্রতিনিধি হতে হলে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে। ৫ জানুয়ারির নির্বাচনে ভোট দিয়েছেন এমন কাউকে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি—এটা আমার দুর্ভাগ্য।’ তিনি বলেন, মন্ত্রিপরিষদ থেকে ফরমান জারি করলেই গণতন্ত্র হয় না।
গতকাল বুধবার সন্ধ্যায় সংবিধান দিবস উপলক্ষে ‘৭২-এর সংবিধান ও বিচার বিভাগের স্বাধীনতা’ শীর্ষক এক আলোচনা সভায় ড. কামাল এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি এই আলোচনা সভার আয়োজন করে।
ড. কামাল হোসেন বলেন, ভোটারবিহীন নির্বাচন ১৯৮৬ সালে প্রথম শুরু হয়েছে। শাসক দল দাবি করতে পারে যে ভোটারবিহীন নির্বাচন ঠিক আছে। কিন্তু এটা গণতন্ত্র নয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন প্রতিনিধি নির্বাচিত হবেন এবং তাঁরা সরকার গঠন করবেন, এটাই গণতন্ত্র। সুষ্ঠু নির্বাচন ছাড়া জনগণের প্রতিনিধি নির্বাচিত হতে পারে না। তিনি বলেন, ‘যার যার ধর্ম তার তার। আওয়ামী লীগ গঠনের সময় আমরা আওয়ামী-মুসলিম লীগ থেকে মুসলিম কেটে দিয়েছি বলে কি আমরা অমুসলিম হয়ে গেছি? তা নয়। যে যার ধর্ম পালন করবে। এটা নিয়ে রাজনীতি হবে না।’
বাহাত্তরের সংবিধান দেখিয়ে ড. কামাল বলেন, ‘আমি এই দলিলকে শ্রদ্ধা করি। ১২ অনুচ্ছেদে বলা আছে, কোনো ধর্মকেই রাষ্ট্রীয় ধর্ম করা যাবে না। জাতীয়তাবাদ নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। কারণ, এই জাতীয়তাবাদের ভিত্তিতেই দেশ স্বাধীন হয়েছে।’ তিনি বলেন, ‘সংবিধান অনুসারে প্রধান বিচারপতিসহ সব বিচারপতি শপথ অনুযায়ী বিবেক দিয়ে দায়িত্ব পালন করেন। তিনি পক্ষপাতিত্বভাবে কিছু করলে একটি স্তম্ভ ধসে যাবে। বিচার বিভাগ পৃথক্করণের সাত বছর হয়ে গেল। কেন বিচারক নিয়োগের আইন হয়নি? এ বিষয়ে জাতীয় সংলাপ হতে পারে। আসুন আমরা যুক্তি দিয়ে জনগণের পক্ষে কথা বলি। মন্ত্রিপরিষদ থেকে একটি ফরমান জারি করলেই গণতন্ত্র হয় না। সেখান থেকে কিছু জারি করার আগে সবার মতামত নেওয়া উচিত।’
সংবিধান সংশোধনের বিষয়ে জাতীয় সংলাপ করার প্রতি গুরুত্বারোপ করে কামাল হোসেন বলেন, ‘একটি সংশোধনী হলেই সেটা চূড়ান্ত নয়। এটা নিয়ে আইনজীবীসহ সব নাগরিকের একটি জাতীয় সংলাপের প্রয়োজন রয়েছে। সেখানে সরকারের প্রতিনিধিদের বেশি করে থাকা উচিত। আপনারা শাসক, আপনারা বেশি জ্ঞানী। আমরা সরল বিশ্বাসী মানুষ। আপনারা এসে বোঝাবেন, কোনটি ঠিক।’ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সুপ্রিম কোর্ট শাখার সভাপতি এ কে এম জগলুল হায়দারের সভাপতিত্বে সুব্রত চৌধুরী, জাহিদুল বারি, আবু ইয়াহিয়া দুলাল প্রমুখ বক্তব্য দেন।