মন্ত্রিসভায় থাকা না থাকার সিদ্ধান্ত নেবে সভাপতিমণ্ডলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, জাপার মন্ত্রিসভায় থাকা না-থাকা নিয়ে কোনো প্রশ্ন আসলে দলের সভাপতিমণ্ডলীই সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এখন পর্যন্ত দলীয় ফোরামে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। গতকাল সোমবার এক বিবৃতিতে এরশাদ এ কথা বলেন।

যদিও আগের দিন রোববার রওশন এরশাদের সভাপতিত্বে জাপার সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত হয় যে দলীয়ভাবে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত জাতীয় পার্টির তিন নেতা মন্ত্রিসভায় থাকবেন।

সংসদীয় দলের ওই সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করে বিবৃতিতে এরশাদ বলেন, মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে হলে তা কেবল জাপার সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সভাপতিমণ্ডলী নিতে পারে।

আলাদা বৈঠক করিনি: বিবৃতিতে এরশাদ দাবি করেন, রোববার সংসদ ভবনে তিনি আলাদাভাবে জাপার সংসদীয় দলের কোনো বৈঠক করেননি। তাঁর নেতৃত্বে জাপার সংসদীয় দলের আলাদা বৈঠক হয়েছে বলে গতকাল কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়ে এরশাদ এ বিবৃতি দেন।

‘কে, কখন খুন হবে কেউ জানে না’: এদিকে গতকাল দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে সরকারের সমালোচনা করে বক্তব্য দেন এরশাদ। দেশে আইনশৃঙ্খলা বলতে কিছুই নেই বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন কে, কখন, কোথায় খুন হবে কেউ জানে না। থানার ওসিরা ক্ষমতাসীন দলের নেতাদের নির্দেশ ছাড়া কোনো মামলা নেয় না। আদালতও অকার্যকর। এ কারণে দেশে একের পর এক খুন ও গুম হচ্ছে।’

বিএনপির আন্দোলনের হুমকির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘বিএনপি রাজনীতির মাঠেও নেই, ঘরেও নেই। খালেদা জিয়ার সঙ্গে নেতা-কর্মীদের কোনো যোগাযোগ নেই। কিন্তু জাতীয় পার্টি মাঠেও আছে, আন্দোলনেও থাকবে।’

জাতীয় পার্টির ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ক মো. ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ, সভাপতিমণ্ডলীর সদস্য এম এ হান্নান, সৈয়দ আবু হোসেন, গোলাম কিবরিয়া ও যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

সম্মেলনে বজলুর রহমানকে জেলা জাতীয় পার্টির সভাপতি, মাহাবুবুর রহমানকে সাধারণ সম্পাদক ও আলী হোসেনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।