মন্ত্রী আসবেন তাই...
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ জেলায় আগমন উপলক্ষে বেহাল নোয়াখালীর বেগমগঞ্জের ‘চৌমুহনী ফোর লেন’ সড়ক মেরামতে তোড়জোড় চলছে। এত দিন খানাখন্দে ভরা সড়ক গত দুই দিন ধরে চলাচলের উপযোগী করতে ব্যস্ত সময় পার করছেন সড়ক ও জনপথ বিভাগের জেলার কর্মকর্তা-কর্মচারীরা।
মন্ত্রী ওবায়দুল কাদের আজ শনিবার জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে নোয়াখালী আসার কথা। তিনি সম্মেলনের প্রধান অতিথি। নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত ওই সম্মেলন উদ্বোধন করবেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
গতকাল শুক্রবার সকালে সরেজমিনে বেগমগঞ্জের চৌমুহনী ফোর লেন সড়ক ঘুরে দেখা যায়, মাত্র দুই দিন আগেও যে সড়কটি ছিল জনসাধারণের চলাচলের অযোগ্য, খানাখন্দে ভরা। সেই সড়কটিতে ইটের কণা, বালি ও পাথর ফেলে তার ওপর হালকা বিটুমিন দিয়ে কোনো রকমে গর্তগুলো ঢাকার চেষ্টা করছেন সওজের কর্মীরা।
এ সময় কর্তব্যরত কয়েকজন সওজ কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আমাদের মন্ত্রী এই সড়ক দিয়ে যাতায়াত করার সম্ভাবনা রয়েছে। তাই আর কিছু না হোক মন্ত্রীর সম্মানার্থে গর্তগুলো একটু-আধটু ঠিক করে দিচ্ছি। এরপর যে কয়দিন টেকে।’
সড়কের গর্ত মেরামত করতে দেখে বড়পোল এলাকায় রিকশাচালক আবদুর রহিম মন্তব্য করেন, ‘মন্ত্রী আসবেন বলে এত তড়িঘড়ি। মন্ত্রী যদি প্রতি মাসে একবার আসতেন, তাহলে আমাদের রাস্তা দিয়ে রিকশা চালাতে আর এত কষ্ট সহ্য করতে হত না। যাত্রীরাও কষ্ট পেতেন না।’
সরেজমিনে দেখা যায়, খানাখন্দগুলো যেভাবে দায়সারাভাবে সংস্কার করা হচ্ছে, তা অল্প কয়েক দিনেই আগের অবস্থায় ফিরে যাবে। সড়ক দিয়ে বাজার থেকে ফেরার পথে পৌরসভার হাজীপুর এলাকার বাসিন্দা আবদুল হক অভিযোগ করেন, ‘এভাবে দায়সারা সংস্কারে জনসাধারণের দুর্ভোগ কমার পরিবর্তে আরও বাড়ে।’
সড়কের খানাখন্দ ভরাটের কাজ সংস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ বলে দাবি করেন নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মো. মোস্তফা কামাল। প্রথম আলোকে তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নোয়াখালী আসবেন ঠিক, তবে তিনি না এলেও সড়কের ওই রক্ষণাবেক্ষণ কাজ করা হতো।