মন্ত্রী এলে সরব, চলে গেলে নীরব নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রী এলে সরব হয়ে ওঠে নীলফামারী জেলা আওয়ামী লীগ। মন্ত্রীকে ঘিরে দলের নেতা-কর্মীরা চাঙা হন, উপস্থিতি জানান দেন। মন্ত্রী এলাকা ছেড়ে গেলে কিছুটা নিষ্প্রাণ হয়ে যায় দলীয় কার্যালয়। অনুষ্ঠানাদিতেও থাকে না নেতা-কর্মীদের তেমন কোলাহল।
স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী সদর আসনের সাংসদ আসাদুজ্জামান নূরকে ঘিরে জেলা আওয়ামী লীগের শক্ত ভিত্তি দাঁড়িয়েছে। দলে দৃশ্যমান কোনো বিভক্তি নেই। তাঁর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সংগঠিত। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হওয়ার সুবাদে সাধারণ মানুষের কাছেও নূরের বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। এ অবস্থায় জেলা আওয়ামী লীগের কার্যক্রম অনেকটা এক ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে বলে জানান কয়েকজন নেতা।
নয় বছর আগে ২০০৬ সালের ১৬ জুলাই ত্রিবার্ষিক সম্মেলন হয়েছিল নীলফামারী জেলা আওয়ামী লীগের।
সম্মেলনে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ সভাপতি ও মমতাজুল হক (বর্তমান জেলা পরিষদের প্রশাসক) সাধারণ সম্পাদক হন। কিন্তু তখন পূর্ণাঙ্গ কমিটি হয়নি। প্রায় ছয় বছর পর ২০১২ সালের জানুয়ারিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে ছয় মাস আগে। তবে কমিটি নিয়ে স্থানীয় আওয়ামী লীগে বড় ধরনের কোনো ক্ষোভ-অসন্তোষ নেই বলে জানান কয়েকজন নেতা-কর্মী।
স্থানীয় নেতারা দাবি করেন, সংস্কৃতিমন্ত্রীর নির্দেশনায় জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠন ঠিকভাবে চলছে। এর প্রমাণ রাজনৈতিক কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। যদিও সর্বশেষ ২০০১ সালে, অর্থাৎ ১৪ বছর আগে জেলা কৃষক লীগের সর্বশেষ সম্মেলন হয়।
জানতে চাইলে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া আবিদ দাবি করেন, রাজনৈতিক অস্থিরতার কারণে এত দিন সম্মেলন করা যায়নি। আর কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায় জানান, সম্মেলনের প্রস্তুতি চলছে। দুজনেই দাবি করেন, কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও এ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই।
এ ছাড়া জেলা যুবলীগের সম্মেলন হয় ২০০৭ সালে। দীর্ঘদিনে সম্মেলন না হলেও সংগঠনে কোনো বিরোধ নেই বলে দাবি করেন জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্র বর্ধন।
জানতে চাইলে নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ বলেন, মন্ত্রী এলে নেতা-কর্মীদের যতটা তৎপর দেখা যায়, তিনি যাওয়ার পর ততটা দেখা যায় না। তিনি বলেন, মন্ত্রী নিয়মিত এলাকায় আসেন, দলের খোঁজখবর রাখেন। সে কারণে নীলফামারী আওয়ামী লীগ সুসংগঠিত।
যদিও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মন্ত্রীর উপস্থিতিতে নেতা-কর্মীদের তৎপরতাকে অনেকটা প্রদর্শনমূলক বলে মনে করেন।
নীলফামারী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মসফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘নূর ভাই সর্বশেষ ৬ জুলাই এসে ৭ জুলাই গেছেন, এর আগে ২৭ জুন এসে ২৯ জুন ঢাকায় গেছেন। তিনি প্রতি মাসে দুই থেকে তিনবার আসেন। আর তিনি আমাদের কেন্দ্রীয় নেতা। সে কারণে তিনি এলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে নেতা-কর্মীরা আসেন, সাধারণ মানুষও ভিড় করেন তাঁদের সমস্যা নিয়ে। তিনি সবার সঙ্গে কথা বলেন, সাধ্যমতো সমাধান দেন, সে কারণে তিনি এলে সাধারণ মানুষের ভিড় বেশি থাকে।’ তিনি বলেন, ‘নূর ভাই এমপি বা মন্ত্রী হওয়ার আগে থেকেই এ অবস্থাটা ছিল, এখনো আছে।’