মন্ত্রী ও সাংসদের অনুসারীদের দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামের দুটি নির্বাচনী এলাকায় ব্যবসায়িক এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বন্দ্ব বাড়ছে। গত বুধবার আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে পটিয়ার মইজ্জ্যার টেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক আট ঘণ্টা অবরোধ করে রাখার পেছনেও এই দ্বন্দ্ব কাজ করেছে। অবরোধের কারণে হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হন।
আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্ণফুলী নদীর তীরে পটিয়া উপজেলার শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে পাথর, বালু ও ইট সরবরাহ করাসহ ঠিকাদারি কাজের ভাগ-বাঁটোয়ারা নিয়েই নিয়ে নেতা-কর্মীদের মধ্যে এ দ্বন্দ্ব তৈরি হয়েছে। এর সঙ্গে কর্ণফুলীর তীরে বালুর ব্যবসা এবং বিভিন্ন শিল্প-কারখানায় মালামাল সরবরাহ করা এবং চাঁদাবাজির বিষয়টিও রয়েছে। শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র এলাকাটি চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের আওতাভুক্ত।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা উপজেলা ও পটিয়ার পাঁচ ইউনিয়ন নিয়ে গঠিত) আসনের আসনের সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং চট্টগ্রাম-১২ (পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত) আসনের সাংসদ শামসুল হক চৌধুরী। মূলত এই দুই নেতার অনুসারীদের মধ্যেই বিরোধ চলছে।
এ বিষয়ে পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মইজ্জ্যার টেকসহ কর্ণফুলী থানা এলাকা গুন্ডা ও ডাকাতদের আখড়ায় পরিণত হয়েছে। এরা নদী ও সাগরে ডাকাতি এবং নদীতীরবর্তী বিভিন্ন শিল্প কারখানায় চাঁদাবাজি করে আসছে। এই ডাকাতেরা নিজেদের আবার আওয়ামী লীগ নেতা পরিচয় দেয়। সম্প্রতি ২০-দলীয় জোটের আন্দোলনের সময় মইজ্জ্যার টেক এলাকায় পেট্রলবোমায় মানুষ মারা গেছে। আমার এলাকা হলে সোজা করে দিতাম।’
সাংসদ বলেন, ‘কর্ণফুলী এলাকার ডাকাতদের সিন্ডিকেট ভাঙতে হবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। সবাইকে ব্যবসা করার সমান সুযোগ
দিতে হবে।’
যাঁদের ডাকাত বলছেন, তাঁরা তো সাইফুজ্জামান চৌধুরীর নির্বাচনী এলাকার নেতা-কর্মী। এ ব্যাপারে মন্ত্রীকে কিছু বলেছেন কি না জানতে চাইলে সাংসদ শামসুল হক বলেন, ‘উনি মন্ত্রী মানুষ। উনাকে আমি জ্ঞান দিতে পারব না। তবে উনার লোকজন আমার ছোট ভাইকে মারধর করেছে। আমি একজন সাংসদ। ভাই হিসেবে আমার তো খারাপ লাগবেই।’
শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে পাথর সরবরাহ করা নিয়ে ৩ মে সাংসদ শামসুল হক চৌধুরীর ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটি হয় ভূমি প্রতিমন্ত্রীর অনুসারী হিসেবে পরিচিত কর্ণফুলী থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমের। একপর্যায়ে জাহাঙ্গীরের লোকজন মুজিবুল হক চৌধুরীকে লাঞ্ছিত করে। এতে ক্ষুব্ধ হন সাংসদ শামসুল হক চৌধুরী। এ ঘটনায় সাংসদের ভাইয়ের করা মামলায় বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীরকে। এর প্রতিবাদে আট ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়।
তবে সাংসদ শামসুল হক চৌধুরীর অভিযোগের বিষয়ে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘উনার (সাংসদ শামসুল হক চৌধুরী) সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তবে আমার নেতা-কর্মীদের সঙ্গে তিনি বিরোধে জড়িয়ে পড়েছেন। তাঁর ভাই আমার নেতা-কর্মীদের কাছে চাঁদা দাবি করেছেন। এ কারণে উভয় পক্ষের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছে। এ জন্য নেতা-কর্মীদের তাঁর কাছে গিয়ে ক্ষমা চাইতে বলেছি। পরে আমার নেতা-কর্মীরা উনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে উনি ক্ষমতা দেখান।’
এক প্রশ্নের জবাবে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘আমার নেতা-কর্মীরা কেন ডাকাত হবে? ডাকাত কে পালে, সেটা চট্টগ্রামবাসী জানে। তবে আমার নেতা-কর্মীদের ওপর যখন আঘাত এসেছে তখন তাদের রক্ষা করার দায়িত্ব আমার।’
চট্টগ্রাম জেলা পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে জানান, প্রতিমন্ত্রী ও সাংসদের অনুসারীরা বিভক্ত। এক পক্ষের চাপে গ্রেপ্তার করা হয় কর্ণফুলী থানার সাবেক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে। আরেক পক্ষ মহাসড়ক অবরোধ করে।
এ বিষয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, দলীয় নেতা-কর্মীদের অভ্যন্তরীণ বিরোধে জড়িয়ে পড়া দুঃখজনক। নেতা-কর্মীদের বিরোধের কারণে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সেটা দেখতে হবে।
এদিকে গতকাল বৃহস্পতিবার পটিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত থেকে জামিন পেয়েছেন জাহাঙ্গীর আলম। দুপুরে আদালত প্রাঙ্গণ থেকে তিনি খোলা জিপে করে বিশাল গাড়ির বহর নিয়ে ভেল্লাপাড়া পর্যন্ত যান। সেখানে গাড়ি বদল করে ঘোড়ার গাড়িতে চড়ে মইজ্জ্যার টেক মোড়ে পৌঁছান। পরে মইজ্জ্যার টেক (চট্টগ্রাম-১৩ আসনের আওতাভুক্ত) এলাকায় সমাবেশ করেন। তাঁর গাড়িবহরের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
যানজটের কবলে পড়েন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘একজন পাতি নেতা জামিন পেয়ে ঘোড়ার গাড়িতে চড়ে মইজ্জ্যার টেক মোড়ে পৌঁছান। ঘোড়ার গাড়ির পেছনে শত শত গাড়ি আটকা পড়ে। আসলে আমরা অসভ্য রাজনীতির কবলে পড়েছি।’