মন্ত্রী বক্তব্য দিচ্ছেন, বাইরে মারামারিতে ব্যস্ত ছাত্রলীগ

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কয়েক দিন আগে পত্রিকায় পড়লাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নিজেরা নিজেরা সংঘর্ষ করেছে। পরে আবার দেখলাম তারা পুলিশের ওপর হামলা করেছে। এখানে ছাত্রলীগ বিভক্ত, বিরোধীদের শক্তি এক আছে। এভাবে থাকলে তো ছাত্রলীগের ওপর বিরোধীরা হামলা করবেই।’
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে শোক দিবসের আলোচনায় যোগাযোগমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছিলেন, অনুষ্ঠানস্থলের বাইরে তখন ছাত্রলীগের দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় ব্যস্ত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ সভার আয়োজন করে।
বেলা পৌনে একটার দিকে বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা আবৃত্তির মধ্য দিয়ে যোগাযোগমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য শুরু করেন। পরে তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তন হয়নি। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি ও শিক্ষক রাজনীতি একাকার হয়ে গেছে। এই দৃশ্যের পরিবর্তন করতে হবে।’
উপাচার্যকে ‘মেরুদণ্ড’ সোজা করার পরামর্শ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘একজন শিক্ষক তাঁর পদোন্নতির জন্য কেন ছাত্রনেতার হাত ধরবে? আপনি (শিক্ষক) তো নিজ যোগ্যতায় শিক্ষক হয়েছেন।’
এ সময় যোগাযোগমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফকে ইঙ্গিত করে বলেন, ‘আপনি মেরুদণ্ড সোজা করুন। যদি শিক্ষকতার আদর্শকে ধারণ করেন আপনার ভয় কিসের?’
এদিকে যোগাযোগমন্ত্রী বক্তব্যে দেওয়ার সময় বেলা একটার দিকে মিলনায়তনের বাইরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শাটল ট্রেনভিত্তিক বগি সংগঠন ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) পক্ষ ও সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) পক্ষ পাল্টাপাল্টি ধাওয়ায় লিপ্ত হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলেও যোগাযোগমন্ত্রী তাঁর বক্তব্য চালিয়ে যান।
ছাত্রলীগের শাটল ট্রেনভিত্তিক বেশ কয়েকটি বগি সংগঠনের নাম উল্লেখ করে ক্ষোভের সঙ্গে ওবায়দুল কাদের বলেন, এই রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে দাওয়াত করলেও অস্ত্রের ঝনঝনানির কারণে অনেকেই আসতে ভয় পান।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘ক্ষমতায় আমরা থেকেও হলগুলো কেন প্রতিপক্ষের দখলে? কোন কারণে, কী শক্তি বলে তারা হলগুলোতে থাকবে? বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৭০ শতাংশ শিক্ষার্থী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী।’ এক মাসের মধ্যে হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বেনু কুমার দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম, সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী প্রমুখ।
এদিকে বেলা আড়াইটার দিকে বিভিন্ন দাবিতে ছাত্রলীগের সিএফসি পক্ষ বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় সড়ক অবরোধ করে। পরে যোগাযোগমন্ত্রী যাওয়ার পথে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দাবিদাওয়া শোনেন। যোগাযোগমন্ত্রী তাদের দাবিদাওয়া পূরণের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। তবে যোগাযোগমন্ত্রী যাওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষক বাসে ইট নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। এতে বাসের কাচ ভেঙে গেলেও কেউ আহত হয়নি।