মন্ত্রী মোশাররফের বিরুদ্ধে অভিযোগ জানালেন মনজুর

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের পক্ষে গতকাল বুধবার চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে এ অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়েছে, ‘যেকোনো প্রকারে জিততে হবে’—মন্ত্রী মোশাররফ হোসেনের এ বক্তব্য ভোটারদের মাঝে ভীতি ও জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। আচরণবিধি অনুযায়ী মন্ত্রী এ ধরনের বক্তব্য দিতে পারেন না। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু হওয়ার আগে এ ধরনের কর্মকাণ্ড জোরজবরদস্তি করে ভোটকেন্দ্র দখল ও গণরায় ছিনতাইয়ের আগাম হুমকি ছাড়া আর কিছুই নয়।
অভিযোগে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার নগরের একটি হোটেলে চট্টগ্রামের মন্ত্রী, সাংসদ, আওয়ামী লীগের নেতারা নাছিরকে জিতিয়ে আনতে বৈঠক করেন। এটি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন জানানো হয়।
গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের কর্মী আবদুল ওয়াহাব কাসেমী অভিযোগটি জমা দেন। মনজুর আলম ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের’ ব্যানারে নির্বাচনে প্রার্থী হয়েছেন।
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেব।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গতকাল রাতে মন্ত্রী মোশাররফ হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
তবে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এই সরকারের আমলে আমরা কেবল দুটি সিটি নির্বাচনে জিতেছি। বাকি সাতটি সিটিতে বিএনপি-সমর্থিত প্রার্থী জিতেছেন। এই চিত্র থেকে বোঝা যায়, সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর। চট্টগ্রামের নির্বাচনও সুষ্ঠু হবে। এতে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে।’
মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সদস্যসচিব এস ইউ এম নুরুল ইসলাম বলেন, ‘মন্ত্রীর বক্তব্যের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। ভোটাররা কেন্দ্রে যেতে পারবে কি না আমরা সন্দিহান। তাই নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ দিয়েছি। কমিশন কী করে সেটা দেখার অপেক্ষায় আছি।’