মন্ত্রী-সাংসদদের ওপর মাঠের নেতাদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণভবনে আ.লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গণভবনে আ.লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মন্ত্রী-সাংসদদের প্রতি ক্ষোভ ঝেড়েছেন আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতারা। তাঁদের অভিযোগ, অনেক মন্ত্রী-সাংসদের সঙ্গে দলের নেতা-কর্মী ও জনগণের যোগাযোগ নেই। তাঁরা নিজের দল ভারী করতে বিএনপি-জামায়াতের লোকদের দলে টানছেন।
গতকাল শনিবার গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় জেলা পর্যায়ের নেতারা এই অভিযোগ করেন।
পরে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, দল ভারী করার স্বার্থে বিএনপি-জামায়াতের দাগি লোকদের দলে ভেড়ানো হচ্ছে। মামলা থেকে বাঁচতে এবং উন্নয়ন প্রকল্পের ভাগীদার হতে এরা আওয়ামী লীগে যোগ দিচ্ছে। তিনি বলেন, এরা দলে ঢোকে কমিশন খাওয়ার লোভে। এরা দলের মধ্যে খুন করে। দলে ঢুকে এরা এতটাই শক্তিশালী হয়ে যায়, এদের কনুইয়ের গুঁতায় দলের নিবেদিত নেতা-কর্মীরা টিকতে পারে না। এসব আবর্জনা দলে না টানার পরামর্শ দেন তিনি। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে কাজ করার নির্দেশ দেন শেখ হাসিনা।
বর্ধিত সভায় কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের নেতারা ছাড়াও প্রায় সব কটি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক; প্রচার ও উপপ্রচার সম্পাদক; দপ্তর ও উপদপ্তর সম্পাদক এবং তথ্য ও গবেষণা সম্পাদকেরা অংশ নেন। কেন্দ্রীয় নেতারা বলছেন, এই বর্ধিত সভা দলটির আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ।
বর্ধিত সভার শুরুতে দলীয় সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তৃতা করেন। এরপর আট বিভাগ থেকে আটজন নেতা বক্তৃতা করেন।
প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল। পরে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে সভার বিশদ বর্ণনা পাওয়া যায়।
আট নেতার মুখে দলের মূল্যায়ন
সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, তৃণমূলের বক্তব্যের শুরুতেই রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বক্তৃতা করেন। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঝেমধ্যে এমন কথা বলেন, তখন তাঁরা ভীত হয়ে পড়েন। মনে হয়, দল বুঝি আর ক্ষমতায় আসবে না। এ ছাড়া সাধারণ সম্পাদকের বক্তব্যে দলীয় বিভেদ স্পষ্ট হয়ে ওঠে।
রেজাউল করিম অভিযোগ করেন, জেলা-উপজেলার কমিটি ঢাকা থেকে পাঠিয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়ার সঙ্গে তাঁরা জড়িত না থাকার কারণে জামায়াত-শিবির ও বিএনপির সক্রিয় নেতা-কর্মীরা জায়গা পেয়ে যাচ্ছেন। সাংসদেরা নির্বাচিত হয়ে এলাকায় নিজের দল ভারী করেন। দলীয় প্রধানকে এগুলো শক্ত হাতে মোকাবিলা করার আহ্বান জানিয়ে এই নেতা বলেন, কাদের ছত্রচ্ছায়ায় জামায়াত-বিএনপি আওয়ামী লীগে ঢুকছে, তা তদন্ত করে দেখতে হবে। অন্যথায় দলের নেতারা টিকতে পারবেন না।
রংপুরের সাধারণ সম্পাদক যখন এসব কথা বলছিলেন, তখন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঞ্চে উপস্থিত ছিলেন।
সম্প্রতি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক প্রতিনিধি সভায় ওবায়দুল কাদের বলেছিলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকাপয়সা নিয়ে পালাতে হবে।’
বর্ধিত সভায় ময়মনসিংহ জেলা সভাপতি জহিরুল হক বলেন, আওয়ামী লীগের রন্ধ্রে রন্ধ্রে খোন্দকার মোশতাক ঢুকে গেছে। তিনি দলীয় সভাপতির উদ্দেশে বলেন, ‘আপনি বারবার এসব মাফ করে দেন। ফলে অপরাধীরা সাহস সঞ্চয় করে। আর মাফ করবেন না।’
জহিরুল হক বলেন, স্থানীয় নির্বাচনগুলোতে অশুভ প্রতিযোগিতা দেখা গেছে। একদল শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, আরেক দল পেছনের দিকে টানছে। দলের ভেতরে বেশির ভাগ বিরোধ আদর্শের নয়, ব্যক্তিত্বের। আগামী নির্বাচনে জনগণ শুধু জাতীয় কর্মকাণ্ড বিবেচনা করবে না, স্থানীয়ভাবে সাংসদেরা কী করছেন, সেই প্রশ্নও আসবে।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান বলেন, সিলেটে ১৯টি সংসদীয় আসনে সাংসদেরা বিজয়ী হওয়ার পর নেতা-কর্মীদের সঙ্গে বিশাল পার্থক্যের সৃষ্টি হয়। জনগণ ও সাধারণ নেতা-কর্মীরা সাংসদদের কাছে যেতে পারেন না। তিনি বলেন, সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর কমিটি ঢাকা থেকে দেওয়া হয়। তাঁরা (জেলার নেতারা) তাঁদের জানেন না, চেনেন না। এই ধারা অব্যাহত থাকলে দল ক্ষতিগ্রস্ত হবে।
চট্টগ্রাম (দক্ষিণ) জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ বলেন, সাংসদেরা থানা আইনশৃঙ্খলা কমিটিতে আওয়ামী লীগের সভাপতিকে রাখতে চান না। অনেক ভুঁইফোড় সংগঠনকে ‘দোকান’ বলা হয়। কিন্তু এসব দোকানের ১৫-২০ জনকে নিয়ে কেন্দ্রীয় নেতারা রাস্তায় দাঁড়িয়ে যান।
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ বিভিন্ন নির্বাচনে বিদ্রোহী হিসেবে অংশ নেওয়া নেতাদের স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান। তিনি নিজে শৃঙ্খলা ভাঙলে তাঁকেও শাস্তি দেওয়ার কথা বলেন তিনি।
বরিশাল বিভাগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, বরিশাল বিভাগে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। কোথাও কোনো বিভেদ থাকলে, ভুল-বোঝাবুঝি থাকলে মীমাংসা হবে না কেন?
কোন্দল নিরসনের উপায় বের করার তাগিদ দিয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেন, দলে দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব নিরসনের উপায় বের করতে হবে।
টাঙ্গাইল জেলা সভাপতি ফজলুর রহমান ফারুক ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।
শেখ হাসিনার সমাপনী বক্তব্য
সবার কথা শোনার পর সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পেশিশক্তি বৃদ্ধিতে অনেকেই জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মী এবং সন্ত্রাসীদের দলে টেনেছেন। এরা এসে দলের ক্ষতি করে, খুন করে। দয়া করে দল ভারী করার জন্য এদের টানবেন না।’
প্রত্যেক সাংসদের নিজ জেলার নেতাদের সঙ্গে মিলেমিশে কাজ করার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, তাঁর সমীক্ষায় এসেছে, অনেক মন্ত্রী-সাংসদ ও নেতা নিজ নিজ এলাকায় গ্রুপ করার স্বার্থে, দল ভারী করার স্বার্থে বিএনপি-জামায়াতের দাগি ব্যক্তিদের দলে ভিড়িয়েছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে নৌকার প্রতীক যাঁদের দেওয়া হবে, ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করতে হবে। কেউ অন্য কাউকে সমর্থন দেবেন না। সংগঠন গতিশীল করতে সব জেলার নেতাদের বছর শেষে সাংগঠনিক প্রতিবেদন দিতে হবে।
সংগঠনের সব পর্যায়ে কার্যালয় প্রতিষ্ঠার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, এখনো প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে দলীয় কার্যালয় নেই। অথচ অনেক বিত্তশালী দলে আছেন। প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে দলীয় কার্যালয় চান তিনি। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগকে ল্যাপটপ উপহার দেওয়া হয়। বর্ধিত সভা থেকে দেওয়া ল্যাপটপ ঘরে ফেলে না রেখে দলীয় কার্যালয়ে ব্যবহার করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
ল্যাপটপ প্রদান এবং সদস্য সংগ্রহ অভিযান
বর্ধিত সভায় নতুন সদস্য সংগ্রহ এবং পুরোনোদের সদস্যপদ নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেদের সদস্যপদ নবায়ন করেন। সদস্যপদ নবায়নের নির্ধারিত ফি ২০ টাকা হলেও শেখ হাসিনা ৫০০ টাকা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের শিক্ষক এ জে এম শফিউল আলম ভূঁইয়া ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা বেগম আওয়ামী লীগের নতুন সদস্য হন। এই প্রক্রিয়ার মাধ্যমে জেলা নেতাদের সারা দেশে নতুন সদস্য সংগ্রহ ও পুরোনোদের সদস্যপদ নবায়ন কার্যক্রম চালুর নির্দেশনা দেওয়া হয়।
সভায় দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র উন্মোচন করা হয়। জেলা নেতাদের প্রত্যেককে একটি থলেতে ভরে বই-সিডি ও প্রচারপত্র দেওয়া হয়। এর মধ্যে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের কপি রয়েছে। এ ছাড়া বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের সময় করা জ্বালাও-পোড়াওয়ের ভিডিও ফুটেজের সিডি দেওয়া হয়। সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের একটি সারসংক্ষেপ দেওয়া হয়েছে।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল এবং আরও আধুনিক করার ঘোষণা দেন। তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী হওয়ার কোনো বিকল্প নেই।
দলীয় সূত্র জানায়, জেলার প্রচার, দপ্তর ও তথ্য গবেষণার দায়িত্বে থাকা নেতাদের নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রোববার দলের ধানমন্ডির কার্যালয়ে পুনরায় বৈঠক করবেন। সেখানে প্রচারের ধরন নিয়ে নেতাদের নির্দেশনা দেওয়া হবে।