বর্তমান সরকারের মন্ত্রী-সাংসদেরা ‘নির্লজ্জ’ মিথ্যাচারের আশ্রয় নিয়ে যেভাবে বক্তব্য-বিবৃতি দিয়ে যাচ্ছেন, তাতে জাতি কলঙ্কিত বোধ করছে। মিথ্যাচারেরও একটা সীমা-পরিসীমা আছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেওয়ার বিষয়ে সরকারের একজন মন্ত্রীর একটি বক্তব্যের উল্লেখ করে গতকাল শুক্রবার এক বিবৃতিতে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট এ কথা বলে। বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লা বিবৃতিতে সই করেন।
বিবৃতিতে বলা হয়, বর্তমান অবৈধ সরকারের একজন মন্ত্রী বলেছেন, বিএনপির অফিসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তালাবদ্ধ করেনি, বিএনপিই কার্যালয়ে তালা ঝুলিয়েছে। নেতারা চাইলে অফিসে বসতে পারেন, বাধা দেওয়া হবে না।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিক মহলসহ দেশবাসী জানে, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ডিবি পুলিশ ৩ জানুয়ারি রাতে তুলে নিয়ে অ্যাপোলো হাসপাতালে নেয়। ওই রাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কার্যালয়ের কর্মকতা-কর্মচারীদের বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
বিবৃতিতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির কথা উল্লেখ করে বলা হয়, জনগণের ন্যায়সংগত ও যৌক্তিক দাবি
নিয়ে সরকার যেভাবে গোঁয়ার্তুমি করছে, তা ক্ষমতাসীন মহল কিংবা দেশ ও জাতির জন্য শুভলক্ষণ নয়।
সিটি করপোরেশন নির্বাচন সমাপ্তির পর অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জাতিকে ভয়াবহ অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করার আহ্বান জানানো হয়।