মন্ত্রী, হুইপ ও দুই সাংসদের সঙ্গে মেয়র প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

দেশের নানা জায়গায় গতকাল বুধবারের বিজয় দিবসের শোভাযাত্রা নির্বাচনী মিছিলে পরিণত হয়। এর মধ্যে সিরাজগঞ্জে বিজয় শোভাযাত্রা-পূর্ব সমাবেশে দলীয় প্রার্থীর উপস্থিতিতে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সিরাজগঞ্জ পৌরসভায় বিএনপির প্রার্থী মো. মোকাদ্দেছ আলীও বিজয় দিবসের অনুষ্ঠানে ভোট চেয়ে প্রচারপত্র বিলি করেন।
শেরপুরে বিজয় শোভাযাত্রা-পরবর্তী সমাবেশে জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমান, রাজশাহীর তাহেরপুর ডিগ্রি কলেজে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হক এবং নান্দাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভায় ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান দলীয় প্রার্থীর পক্ষে ভোট চান। হুইপ ও দুই সাংসদের সঙ্গে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল বিকেলে বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলেছে। আওয়ামী লীগের নেতৃত্বে সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে।
সমাবেশে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মাদ গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ সদর পৌরসভায় দলীয় মেয়র প্রার্থী সৈয়দ আবদুর রউফ মুক্তা বক্তব্য দেন। পরে শোভাযাত্রাটি নির্বাচনী প্রচার মিছিলে রূপ নেয়। মন্ত্রীর গাড়িবহর দলীয় প্রার্থীর প্রচার মিছিলের পেছনে থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নৌকা প্রতীক নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে স্লোগান দিয়ে মিছিলটি বাজার রেলস্টেশনে গিয়ে শেষ হয়।
সভায় দলীয় প্রার্থীর উপস্থিতির বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমি মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য দিয়েছিলাম। এ সময় প্রার্থী হয়তো ছিল। আমি মন্ত্রী, আমি তো জানি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে কি না। তাই দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইনি।’
জানতে চাইলে সিরাজগঞ্জ সদর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল হাসান বলেন, ‘মিছিলে নৌকা প্রতীক ব্যবহার করা বা নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান নির্বাচনী আইনের পরিপন্থী। এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। করলে ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে দুপুরে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ নাসিম। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ কয়েকজন বক্তা পৌরসভা নির্বাচনে সরাসরি নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।
এ বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমি কারও হয়ে ভোট চাইনি। তবে ওই সভায় কেউ কেউ ভোট চেয়েছেন।’
অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী মো. মোকাদ্দেছ আলী গতকাল সকালে শহীদ সামসুদ্দীন স্টেডিয়াম এলাকায় বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া ভোটারদের কাছে ভোট চেয়ে প্রচারপত্র বিতরণ করেন।
রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, জেলার বাগমারা উপজেলার তাহেরপুর ডিগ্রি কলেজে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে রাজশাহী (বাগমারা)-৪ আসনের সাংসদ এনামুল হক দলীয় প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান। এ সময় তাহেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন।
আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাওয়ার ব্যাপারে জানতে চাইলে সাংসদ এনামুল হক বলেন, ‘আপনার কাছে কি ভয়েস রেকর্ড আছে?’ আছে বলে জানালে তিনি বলেন, ‘শোনান।’ শোনাতে চাইলে সাংসদ বলেন, ‘শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমি দলীয় প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছি। এইটুকু তো বলবই। আমি আওয়ামী লীগের এমপি না?’
শেরপুর প্রতিনিধি জানান, গতকাল দুপুর ১২টার দিকে শেরপুর শহরের রঘুনাথ বাজার থানা মোড় এলাকা থেকে হুইপ আতিউর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা বের হয়। এর সামনে ছিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া।
শোভাযাত্রায় আওয়ামী লীগের কয়েকটি ওয়ার্ডের ব্যানারসহ ‘নৌকা’ প্রতীক প্রদর্শন করা হয়। মেয়র প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া হাত নাড়িয়ে সালাম দেন। মিছিলে দলীয় কর্মী-সমর্থকেরা নৌকার পক্ষে স্লোগান দেন। সমাবেশে হুইপ আতিউর রহমান বলেন, শেরপুর পৌরসভার উন্নয়নধারা অব্যাহত রাখার জন্য নৌকার প্রার্থীকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই।
জানতে চাইলে হুইপ আতিউর রহমান প্রথম আলোকে বলেন, বিজয়ের মাস ডিসেম্বর। নৌকার পক্ষ নিয়েই এ দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহান স্বাধীনতাযুদ্ধ হয়েছে। তাই শোভাযাত্রায় নৌকা প্রদর্শনে কোনো বিধি লঙ্ঘিত হয়নি।
শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও শেরপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল বলেন, বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা বা মিছিলে নির্বাচনী প্রতীক ব্যবহার করা কাম্য নয়। বিষয়টি নিয়ে তিনি হুইপ আতিউর রহমানের সঙ্গে কথা বলবেন বলে জানান।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ নান্দাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সভায় ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান বলেন, ‘একে একে মিলে দুই হয়েছে। এবার তিন চাই। তাহলে দেখবেন পৌরসভার সার্বিক উন্নয়ন হবে। আমার ওপর ভরসা রাখুন। ঠকবেন না।’ সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. রফিক উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
বিএনপির প্রার্থী এ এফ এম আজিজুল ইসলাম বলেন, সাংসদ প্রকাশ্যেই নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করছেন। অভিযোগ অস্বীকার করে সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান বলেন, ‘সভাটি আয়োজন করা হয়েছে বিজয় দিবস উপলক্ষে। সেখানে আমি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বলেছি।’
বরগুনা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র শাহাদাত হোসেন এবং বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম অভিযোগ করেন, মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে সব প্রার্থীর সভা শেষ হওয়ার পর রাতেই আওয়ামী লীগের প্রার্থী শহরে মিছিল করেন। মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী লীগের প্রার্থী ও জেলা যুবলীগের সভাপতি কামরুল আহসান।
নির্বাচনী আচরণবিধির ৭ নম্বর দফায় বলা হয়েছে, ‘নির্বাচনের আগ পর্যন্ত কোনো ধরনের মিছিল বা শোডাউন করা যাবে না।’
গতকাল দুপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেন অভিযোগ করেন, বেলা ১১টার দিকে তাঁর পক্ষে শহরের কলেজ ব্রাঞ্চ সড়কে নির্বাচনী প্রচার চালাতে গেলে ছয়জন নারী কর্মীকে মারধর করা হয়। জেলা আওয়ামী লীগের সদস্য ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ছগির হোসেনের নেতৃত্বে এই হামলা হয়।
অভিযোগের বিষয়ে গতকাল বিকেলে আওয়ামী লীগের প্রার্থী কামরুল আহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, ‘আপনার কথা আমি কিছুই শুনতে পাচ্ছি না। আমি সভার মধ্যে আছি, রাতে ফোন দিয়ে কথা বলব।’ সন্ধ্যার পরে তাঁর মুঠোফোনে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
নড়াইল প্রতিনিধি জানান, আচরণবিধি ভঙ্গের দায়ে নড়াইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অরুণ সাহাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আচরণবিধি ভঙ্গ করে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অরুণ সাহা উজিরপুর এলাকায় প্রায় এক হাজার লোকের খাবারের ব্যবস্থা করেন। এ ছাড়া মাইক নিয়ে মিছিল বের করেন। এ ঘটনায় আচরণবিধি ভঙ্গের দায়ে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।