মন্ত্রীকে উপদেষ্টার পদ থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর পদ থেকে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাংসদ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হককে অব্যাহতি দেওয়া হয়েছে।
তাঁকে মন্ত্রিপরিষদ থেকে অপসারণেরও দাবি জানিয়েছে জেলা আওয়ামী লীগ। এ ছাড়া নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহমেদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রথম আলোকে বলেন, ছায়েদুল হক জেলা আওয়ামী লীগের কোনো সিদ্ধান্ত মানেন না। এ ছাড়া গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে পছন্দমতো প্রার্থী বাছাই করেছেন। এ জন্য দলের কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এসব কারণে গত ২৫ জুনের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ছায়েদুল হককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।
কিন্তু ছায়েদুল হক এর কোনো জবাব দেননি। আর ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং অশালীন শব্দে কারণ দর্শানো নোটিশের জবাব দেওয়ায় সভায় রাফি উদ্দিনকে সাময়িক বহিষ্কার করে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। রাফি উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মন্ত্রীকে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অরুণজ্যোতি ভট্টাচার্য ও নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাশেম প্রথম আলোকে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী আমরা যতটুকু বুঝি, জেলা আওয়ামী লীগ অব্যাহতির বিষয়ে কেন্দ্রে প্রস্তাবনা পাঠাতে পারে। তবে জেলা আওয়ামী লীগের এমন সিদ্ধান্ত সত্যিই দুঃখজনক।