মন্ত্রীকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় পৃথক সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবে অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সংবাদ সম্মেলনে সংখ্যালঘুদের সম্পত্তি দখলসংক্রান্ত অভিযোগ ও বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের নাম থাকায় দিনাজপুরের পার্বতীপুর আওয়ামী লীগে তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছে।
বিকেলে পার্বতীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পার্বতীপুর শাখার সভাপতি শচীন্দ্রনাথ সাহা বলেন, পার্বতীপুরে ক্ষত্রিয় বর্ণের ৫৫ জনের জমি দখলের কোনো ঘটনা ঘটেনি। আদালতের রায় পেয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার এমদাদুল হক চৌধুরী তাঁর জমি চাষাবাদ করছেন। অযথা এখানে মন্ত্রীকে জড়ানো হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নীলকান্ত মহন্ত, দীপেশ চন্দ্র রায়, কৈলাস প্রসাদ সোনার প্রমুখ।
এদিকে সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের নেতারা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এতে সংখ্যালঘুদের সম্পত্তি দখলের ঘটনায় মোস্তাফিজুর রাহমানকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে বলা হয়। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা জানান।