মন্ত্রীর সামনে সংঘর্ষে জড়াল দুই পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি সংবর্ধনা অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের সামনে স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষের কারণে অনুষ্ঠান কিছু সময়ের জন্য পণ্ড হয়ে যায়। পরে শুরু হলেও তড়িঘড়ি করে অনুষ্ঠান সমাপ্তির ঘোষণা দেন আয়োজকেরা। গতকাল শনিবার বিকেলে উপজেলা সদরের পার্বতী উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

সভায় উপস্থিত থাকা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা শুরু হলে মন্ত্রী কয়েক দফা নেতা-কর্মীদের শান্ত থাকতে মাইকে ঘোষণা দেন। একপর্যায়ে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম এ সালাম ও পরিষদের তিনজন সদস্যকে সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ এ সংবর্ধনা সভার আয়োজন করে।

সংঘর্ষের বিষয়ে এম এ সালাম প্রথম আলোকে বলেন, কার আগে কে ফুল দেবে এটা নিয়ে মূলত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে সংঘর্ষের পর অনুষ্ঠান শুরু হয়। মাগরিবের আগে অনুষ্ঠান শেষ হয়।

হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, অনুষ্ঠান শুরু হওয়ার পর মঞ্চে বসা প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য মাইকে ঘোষণা দেওয়া হয়। তখন মঞ্চের সামনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের অনুসারীরা তাঁর নামে স্লোগান দেওয়া শুরু করেন। তাঁরা ফুল দিতে মঞ্চের দিকে এগিয়ে যান। এ সময় বিশৃঙ্খলা তৈরি হয়। কয়েকজন জ্যেষ্ঠ নেতা তাঁদের শান্ত হতে বলেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। এক পক্ষ আরেক পক্ষের দিকে চেয়ার ছুড়ে মারে। দফায় দফায় ২০-২৫ মিনিট সংঘর্ষ চলে। এ সময় মঞ্চে মন্ত্রীসহ ১১ জন অতিথি ছিলেন।

হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, মঞ্জুরুল আলমের অনুসারী কিছু বহিরাগত অনুষ্ঠানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরপর সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ শেষে অনুষ্ঠান শেষ করা হয়।

এ বিষয়ে উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল আলম প্রথম আলোর কাছে দাবি করেন, মঞ্চে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং গাড়ি পোড়ানো মামলার তিন আসামি ছিল। তাদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া নিয়ে সংঘর্ষ শুরু হয়।