মন্ত্রী-উপদেষ্টাদের কড়া সমালোচনায় বি. চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রধান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বর্তমান সরকারের মন্ত্রী-উপদেষ্টাদের কড়া সমালোচনা করেছেন। ম​ন্ত্রিপরিষদকে তিনি ‘চিড়িয়াখানার মতো’ বলেও মন্তব্য করেছেন।
জিয়া পরিষদ আয়োজিত ‘৭ নভেম্বর চেতনা: আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় বদরুদ্দোজা চৌধুরী কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত সম্পর্কে তির্যক মন্তব্য করেন। আলোচনা সভাটি আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত হয়।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘যদি চিড়িয়াখানায় যান কী দেখবেন? ভিন্ন ভিন্ন প্রজাতি। সরকারের মন্ত্রিপরিষদেও চিড়িয়া দেখি। মানুষ এটাকে চিড়িয়াখানা বললে কী বলবেন?’
বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘যেখানে প্রধানমন্ত্রীর ব্যাপারে কেউ কিছু বললে বা লিখলে তাঁর শাস্তি হয়, সেখানে আল্লাহ-রাসূল সম্পর্কে বলেও তাঁকে (লতিফ সিদ্দিকী) শাস্তি দিবেন না?’ তিনি বলেন, ‘অনেক শিক্ষিত, উচ্চশিক্ষিত অর্থমন্ত্রী। কী বললেন? ঘুষ দিলে অপরাধ হয় না। এ বছরের নিকৃষ্ট উক্তি।’ রেলমন্ত্রী মুজিবুল হকের বিয়ে সম্পর্কে তিনি বলেন, ‘বিয়ে যেকোনো বয়সে যে কেউ করতে পারে। তবে সেটা নিয়ে এতা প্রচারণার দরকার কী?’
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী সম্পর্কে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘তিনি নিদ্রামন্ত্রী। কী আশ্চর্য! একেকজনের একেক চরিত্র।’ প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম সম্পর্কে তিনি বলেন, ‘ইমাম সাহেব নিশ্চয় উনাদেরও ইমাম। গোপন কথা বলে দিলেন। গোপন কথা গোপন রাখিতে চাহিলাম, গোপন রইল না।’
সংসদের প্রধান বিরোধী দল সম্পর্কে তিনি বলেন, সংসদে তথাকথিক একটি বিরোধী দল। পৃথিবীর মধ্যে একটি অনন্য উদাহরণ।
প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়েও বদরুদ্দোজা চৌধুরী মন্তব্য করেন। তিনি বলেন, ‘আপনারা কেউ জয়কে নিয়ে কোনো মন্তব্য করবেন না। সে বাইরে ছিল। এখন লার্নিং প্রসেসে আছে। সময় দেন।’ তিনি বলেন, সমাজ, সংস্কৃতি, খেলাধুলা সব ক্ষেত্রেই জিয়া বিপ্লব এনেছিলেন। মুক্তবুদ্ধির বিকাশের চেষ্টা করেছিলেন। সে জন্যই জিয়াউর রহমান বাঁচতে পারলেন না।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘বঙ্গবন্ধু জনগণের নেতা ছিল। কিন্তু তিনি সব দল, সব পত্রিকাকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিলেন। এরপর একদল বাকশাল প্রতিষ্ঠা হলো। জিয়ার সময় কথা বলার, মিছিল করার অধিকার প্রতিষ্ঠা হলো। এর কম একটা শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একটা বিপ্লব দরকার ছিল।’ তিনি বলেন, ‘বিপ্লবের সূচনা জিয়া করে দিলেন। সবকিছুকে মুক্ত করে দিলেন।’
সভার বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, জিয়াউর রহমান ক্ষমতাসীন হননি। সে সময়ের ৩ থেকে ৭ তারিখের সরকারহীনতা, ক্ষমতার শূন্যতার কারণে তাঁকে দায়িত্ব নিতে হয়েছিল।
সভার প্রধান আলোচক ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে তিনি তাঁর বক্তব্যে ৭ নভেম্বর নিয়ে কোনো কথা বলেননি। তিনি ১৫ নভেম্বরের যুবলীগের সমাবেশ সম্পর্কে বলতে গিয়ে বলেন, সেদিন ঢাকা শহরে কোনো অপরাধ হয়নি। কারণ যত অপরাধী, ছিনতাইকারী, সন্ত্রাসী সবাই সোহরাওয়ার্দী উদ্যানে ছিল। তাই ঢাকা শহর নিরাপদ ছিল।
রিজভী বলেন, যে এইচ টি ইমাম খন্দকার মোশতাকের মন্ত্রিপরিষদের শপথ পড়িয়েছেন, তিনি বর্তমান সরকারেও আছেন। এর একমাত্র কারণ তিনি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে বলতে পারেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদ।