মন্ত্রী-সাংসদদের আত্মীয়রাই সামনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচন সামনে রেখে মন্ত্রী, সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পছন্দের প্রার্থীরা, বিশেষ করে তাঁদের আত্মীয়স্বজন বেশি দৌড়ঝাঁপ করছেন।
জেলা পর্যায়ে খোঁজখবর করে এবং দলীয় বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে মন্ত্রী-সাংসদদের আত্মীয় বা ঘনিষ্ঠজনেরা সামনে থাকায় অনেক এলাকায় দলের অন্য নেতারা প্রচারে নামতে সাহস পাচ্ছেন না। আবার যেসব স্থানে মন্ত্রী-সাংসদ বলয়ের বাইরে দলে শক্তিশালী আরও পক্ষ আছে, সেখানে উভয় পক্ষের মনোনয়ন প্রত্যাশীরাই সক্রিয় আছেন।
আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হবে বলে অনেকেই এটাকে ‘প্রেস্টিজ ইস্যু’ হিসেবে নিয়েছেন। কেউ কেউ মনে করছেন, সাংসদের পরই পৌর মেয়রের ক্ষমতা থাকবে। এ জন্য মন্ত্রী, সাংসদ ও কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী বেশ কয়েকজন নেতার ঘনিষ্ঠ আত্মীয় পৌর মেয়র পদে নির্বাচন করতে মাঠে নেমেছেন। অনেকে নিজ নিজ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের দপ্তরে এসে তদবির করছেন। আবার কেউ কেউ কেন্দ্রীয় নেতাদের কাছে ধরনা দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর বলেন, সম্ভাব্য প্রার্থীরা এসে নিজের কথা বলছেন। তাঁরাও কাজ করার পরামর্শ দিচ্ছেন। তবে চূড়ান্ত বাছাই কীভাবে হবে, সেটা জানার জন্য দলীয় নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।
সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মনোনয়নপ্রত্যাশী ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে এমন অন্তত ১০ জন আওয়ামী লীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, মন্ত্রী-সাংসদ বা কেন্দ্রীয় নেতাদের আত্মীয়দের দৌড়ঝাঁপের কারণে এলাকার অনেক নেতা কোণঠাসা হয়ে পড়ছেন।
মাঠপর্যায়ে খোঁজখবর করে জানা গেছে, এক দশক ধরে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হওয়ায় এখন দলীয় কোনো পদে নেই। এবার দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে তাঁর বিপরীতে মাঠে নেমেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম। তিনি হানিফের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। আবার হানিফের চাচাতো ভাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
পাবনার ঈশ্বরদীতে এখন পর্যন্ত মাঠে আছেন কেবল পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। তিনি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের জামাতা। আবুল কালাম এর আগে পরপর দুই পৌর নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন। তারপরও এবার নতুন কোনো মুখ দেখা যাচ্ছে না কেন—এ বিষয়ে পৌর ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘খুঁজলে আওয়ামী লীগের অন্তত ৫০ জন যোগ্য প্রার্থী পাওয়া যাবে। কিন্তু দৌড়ঝাঁপ করে লাভ কী? মন্ত্রীর জামাতাকে ডিঙিয়ে তো কেউ পাবে না।’
নেত্রকোনা পৌরসভায় মাঠে আছেন অন্তত আটজন মনোনয়নপ্রত্যাশী। তবে শহরে ১৪-১৫টি তোরণ নির্মাণ করে ব্যাপক প্রচার চালাচ্ছেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খানের (জয়) ভাই মাসুদ খান। তিনি জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক। সেখানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মেয়র প্রশান্ত কুমার রায় এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক মেয়র নজরুল ইসলামও প্রার্থী হতে আগ্রহী। তবে মাসুদ খান এলাকায় প্রচার চালাচ্ছেন যে তিনিই দলের মনোনয়ন পাবেন।
মাসুদ খান প্রথম আলোকে বলেন, পারিবারিকভাবে ভাইয়ের পরামর্শ নেন তিনি। তবে তিনি যোগ্যতাবলেই দলের মনোনয়ন পাবেন।
রাজশাহীর আড়ানি পৌরসভা নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের চার-পাঁচজন প্রার্থী প্রচার চালাচ্ছেন। তাঁদের মধ্যে একজন প্রচার করছেন যে তিনিই দলীয় মনোনয়ন পাবেন। তাঁর নাম বাবলু হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের আত্মীয়।
এ বিষয়ে জানতে চাইলে বাবলু হোসেন প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রী তো আমাকেই দেবেন। কারণ গতবার আমি অল্প ভোটে হেরেছি। অন্যদের আশা করা ঠিক না। আর আমি এখন পৌর আওয়ামী লীগের সহসভাপতি। আগে বিএনপি করতাম।’
বাবলু হোসেন বিএনপি থেকে শাহরিয়ার আলমের হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন এবং ক্ষমতাসীন দলের সমর্থন নিয়ে মেয়র পদে প্রার্থী হন। তবে ওই নির্বাচনে তিনি বিএনপি-সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত হন।
মুন্সিগঞ্জে গত নির্বাচনে মেয়র পদে পরাজিত হন জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের ছেলে ফয়সাল বিপ্লব। তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতিমধ্যে এলাকায় প্রচার শুরু করেছেন। এখানে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ মুন্সিগঞ্জ শাখার সভাপতি রেজাউল ইসলামও মাঠে নেমেছেন। পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিনও (কল্লোল) সম্ভাব্য প্রার্থী। এখানে রেজাউল ও মাহতাব স্থানীয় সাংসদ মৃণাল কান্তি দাসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ এখনো কোনো পৌরসভার প্রার্থী ঘোষণা করেনি। কিন্তু স্থানীয় সাংসদ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ উপস্থিত থেকে ২১ নভেম্বর নাটোরের সিংড়া পৌরসভার জন্য একক প্রার্থী ঘোষণা করেন মো. জান্নাতুল ফেরদৌসকে। পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
চট্টগ্রামের বারইয়ারহাটে বর্তমান মেয়র আবু তাহেরসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের চারজন নেতা প্রচারে নেমেছেন। তাঁদের মধ্যে স্থানীয় সাংসদ গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের চাচাতো ভাই মীর আলমও (মাসুক) আছেন। উপজেলা আওয়ামী লীগের সদস্য মীর আলম প্রথম আলোকে বলেন, মনোনয়ন না পেলে দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই তিনি কাজ করবেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে প্রার্থী বাছাইয়ে জেলা-উপজেলা কমিটিই মুখ্য ভূমিকা পালন করবে। এতে সাংসদেরও মতামত নেওয়া হবে। তবে দলের প্রতি নিষ্ঠা ও প্রার্থীর যোগ্যতা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রার্থী বাছাইয়ে কেন্দ্রের ভূমিকা কী হবে, তা আজ বৃহস্পতিবার দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকেই ঠিক হবে।