মফিকুলকে বিএনপিতে না ফেরানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

‘মফিকুলের মতো নেতাদের ফিরিয়ে আনা হলে দলে বিভক্তি দেখা দেবে’

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান। তিনি বলেন, বিএনপি থেকে বহিষ্কার হওয়া সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তৃপ্তি সব সময়ই সুযোগসন্ধানী। গত নয় মাসের সরকারবিরোধী আন্দোলনে শার্শার নেতা-কর্মীরা তাঁকে কখনো কাছে পাননি। ‘বসন্তের এই কোকিল’কে শার্শা ও বেনাপোল বিএনপির নেতা-কর্মীরা কখনো মেনে নেবেন না।

 লিখিত বক্তব্যে বলা হয়, এক-এগারো সরকারের (সাবেক তত্ত্বাবধায়ক সরকার) সঙ্গে যাঁরা হাত মিলিয়ে বিএনপির ক্ষতি করেছেন, সেই সংস্কারপন্থীদের দলে ফেরত দেখতে চান না দলের কোনো নেতা-কর্মী। ‘সংস্কারপন্থী তৃপ্তির অনুসারীরা এখন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত’, এমন দাবি করে এতে আরও বলা হয়, তৃপ্তিকে ফেরানো হলে বিএনপিতে বিভক্তি দেখা দেবে। এ কারণেই তৃণমূল নেতা-কর্মীরা তাঁকে দলে দেখতে চান না।

২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর আওয়ামী লীগ ও বিএনপিতে ভাঙন ধরেছিল। দল দুটির কিছু নেতা সংস্কার প্রস্তাব তুলে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে দল দুটি থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন। দুই নেত্রী সে সময় কারাবন্দী ছিলেন। ওই নেতারা সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পান। পরে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুই দলেই তাঁরা বেকায়দায় পড়েন। অনেকে দলে আর জায়গা পাননি। তবে বিএনপির প্রধান খালেদা জিয়া এখন সংস্কারপন্থী হিসেবে পরিচিত নিষ্ক্রিয় ওই নেতাদের সক্রিয় করতে চাইছেন বলে সম্প্রতি খবর বেরিয়েছে।

জানতে চাইলে মফিকুল হাসান তৃপ্তি প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের কথা শুনে শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির মধ্যে ১০টি কমিটির কোনো নেতা-কর্মী উপস্থিত হননি। এটাই প্রমাণ করে যে শার্শা বিএনপির নেতা-কর্মী-সমর্থকেরা আমাকে মনেপ্রাণে চান। কমিটির হাতে গোনা কয়েকজন চান না যে আমাকে দলে ফিরিয়ে নেওয়া হোক।’ তিনি আরও বলেন, ‘আজ পর্যন্ত আমি অন্য কোনো দলে নাম লেখাইনি, যদিও ৫ জানুয়ারির নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে নানা প্রলোভন ছিল। আমি সব সময় চেষ্টা করেছি, আমাকে বিএনপিতে ফিরিয়ে নেওয়া হোক। ম্যাডাম জিয়ার নেতৃত্বে সাধারণ একজন সদস্য বা কর্মী হয়ে আমি দলের জন্য কাজ করতে চাই।’

সম্মেলনে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মাসুদুর রহমান, যুবদলের কেন্দ্রীয় সদস্য নূরুজ্জামান, যুবদল নেতা মোস্তফা কামালসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।