মমতাজ উদ্দিনের কৌশলী প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়োজনটা ছিল নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা। আয়োজক সন্ত্রাসবিরোধী জেলা কমিটি। কিন্তু সংবর্ধনার আড়ালে ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট চেয়ে প্রচারণা চালালেন জেলা আওয়ামী লীগ ও সন্ত্রাসবিরোধী কমিটির সভাপতি মমতাজ উদ্দিন।
গতকাল বুধবার জেলা শহরের শহীদ খোকন পার্কে আওয়ামী লীগদলীয় দুজন সাংসদের উপস্থিতিতে ওই অনুষ্ঠান হয়। সেখানে সংবর্ধিত নেতাদের মধ্যে অন্তত ১৫ জনের বিরুদ্ধে ভাঙচুর ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাঁদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি উপহার হিসেবে বিএনপি-সমর্থিত নেতাদের সাফারি, জামায়াত-সমর্থিত ব্যক্তিদের পাঞ্জাবি, পাজামা ও টুপি এবং আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের মুজিব কোট দেওয়া হয়। আর নারীদের জন্য ছিল শাড়ি। সবার জন্য ছিল মধ্যাহ্নভোজের আয়োজন।
জেলা আওয়ামী লীগ ও সন্ত্রাসবিরোধী কমিটির সভাপতি মমতাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অনুষ্ঠানে আমি কারও কাছে ভোট চাইনি। যদি বক্তারা আমার পক্ষে ভোট চেয়ে থাকেন, তাহলে কিছু বলার নেই। নাশকতার মামলা থাকলেও সংবর্ধিতরা জনপ্রতিনিধি। সবাইকেই ক্রেস্ট ও পোশাক উপহার দেওয়া হয়েছে। রাজনীতিতে অনেক কৌশল করতে হয়। এ নিয়ে কে কী বললেন, তা নিয়ে ভাবছি না।’
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, মমতাজ উদ্দিন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে নিজ দলের পাশাপাশি অন্য দলের জনপ্রতিনিধিদের সমর্থন আদায়ের কৌশল নেন। আওয়ামী লীগের পক্ষ থেকে এ আয়োজন করা হলে অন্য দলের জনপ্রতিনিধিরা বিব্রত হতে পারেন ভেবে কৌশলে জেলা সন্ত্রাসবিরোধী কমিটির পক্ষ থেকে এর আয়োজন করা হয়। জেলার ১০৮টি ইউপি, ১২টি উপজেলা পরিষদ এবং ১২টি পৌরসভার নির্বাচিত মোট ১ হাজার ৬১২ জন প্রতিনিধিকে সংবর্ধনার জন্য আমন্ত্রণ জানানো হয়। পুরো অনুষ্ঠানেই বক্তারা ঘুরেফিরে মমতাজ উদ্দিনের পক্ষে ভোট চান।
অনুষ্ঠানে কাহালু উপজেলা পরিষদের জামায়াত-সমর্থিত চেয়ারম্যান তায়েব আলী মণ্ডল মঞ্চে উঠে বলেন, ‘মমতাজ উদ্দিন ভাই আমাদের সহযোগিতা করেন। কিছুদিন আগেও উপজেলা পর্যায়ে গিয়ে জেলা পরিষদে প্রার্থী হতে চেয়ে সমর্থন চেয়েছিলেন তিনি, সমর্থন দিয়েছি। আজও বলছি, আপনাকে (মমতাজ উদ্দিন) চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। ভবিষ্যতেও আপনার সহযোগিতা চাই।’ সারিয়াকান্দি উপজেলা পরিষদের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, ‘কদিন আগেও এই খোকন পার্কে বিএনপির কর্মসূচি নিয়ে ঢুকতে পারিনি, রাস্তায় দাঁড়াতে পারিনি। এই পার্কে সব দলের এ রকম একটি মিলনমেলা দেখে ভালো লাগছে।’
অনুষ্ঠানে মমতাজ উদ্দিনের পক্ষে ভোট চান চারটি নাশকতার মামলায় জামিনে থাকা জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, শাজাহানপুর উপজেলার চেয়ারম্যান বিএনপি নেতা সরকার বাদল, দুপচাঁচিয়া পৌরসভার বিএনপির মেয়র বেলাল উদ্দিন, নন্দীগ্রামের মেয়র বিএনপির নেতা কামরুল হাসান, শেরপুরের মেয়র আওয়ামী লীগের আবদুস সাত্তার, কাহালুর মেয়র আওয়ামী লীগের হেলাল উদ্দিন। ইউপি চেয়ারম্যানদের মধ্যে ভোট চান অন্তত ছয়জন।
বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ হাবিবর রহমান, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও পুলিশ সুপার আসাদুজ্জামান সন্ত্রাস, নাশকতা ও উন্নয়ন নিয়ে নানা কথা বলেন। প্রধান অতিথি সাংসদ আবদুল মান্নান বলেন, জেলা পরিষদে মমতাজ উদ্দিনের একক প্রার্থিতা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করবেন তিনি।
সভাপতির বক্তব্যে মমতাজ উদ্দিন বলেন, ‘সব জনপ্রতিনিধির সমর্থন নিয়ে জেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে এলাকার উন্নয়ন করতে চাই।’