বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মকবুল হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে জেলা আওয়ামী লীগ। জেলা কমিটি মমতাজ উদ্দিনকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠাবে।
গতকাল শনিবার জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মকবুল হোসেনও এই সভায় উপস্থিত ছিলেন। জেলা কমিটিকে না জানিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে মনোনয়ন চাওয়ায় তিনি নেতাদের তোপের মুখে পড়েন। সভায় জেলা কমিটির সদস্যরা মকবুল হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সভা শেষে মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, মমতাজ উদ্দিনের ভয়ে কেউ কেউ তাঁর বিরুদ্ধে এসব কথা বলছেন। যোগ্যতার ভিত্তিতে দল মনোনয়ন দিয়েছে। তিনি কারও কথায় মাঠ থেকে সরে যাবেন না। প্রশাসকের দায়িত্ব পালন করার সময় তিনি নানা উন্নয়নমূলক কাজ করেছেন। তাই নতুন করে নির্বাচনী মাঠ তৈরি করার দরকার নেই। তিনি আরও বলেন, ‘৮৪ বছর বয়সে অর্থমন্ত্রী যদি সফলভাবে দায়িত্ব পালন করতে পারেন, তাহলে ৮২ বছর বয়সে আমি কেন চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারব না?’
জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান বলেন, জেলা কমিটির এই জরুরি সভায় কার্যনির্বাহী কমিটির ৭১ সদস্যের মধ্যে দলীয় সাংসদ আবদুল মান্নানসহ ৬১ জন সদস্য উপস্থিত ছিলেন। এ সময় সদস্যরা বলেন, দলীয় সভায় আলাপ-আলোচনার ভিত্তিতে একক প্রার্থী হিসেবে মমতাজ উদ্দিনের নাম কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়। ওই সভায় মকবুল হোসেনও উপস্থিত ছিলেন। তিনি মনোনয়ন চাওয়ার ব্যাপারে তখন কিছু বলেননি। বললে তাঁর নামও পাঠানো হতো।
সভায় একাধিক সদস্য বলেন, মনোনয়ন পাওয়ার আশায় মমতাজ উদ্দিন নানাভাবে প্রচারণা চালিয়েছেন। অথচ তাঁকে মনোনয়ন না দিয়ে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য জেলা কমিটির পক্ষ থেকে কেন্দ্রের কাছে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে।
মমতাজ উদ্দিনের বরাত দিয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান বলেন, বয়স বেশি হওয়ায় মকবুল হোসেন উন্নয়ন ও দলীয় কাজে সময় দিতে পারবেন না। মকবুল হোসেনকে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন মমতাজ উদ্দিন।
সভায় সাংসদ আবদুল মান্নান, জেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান, যুগ্ম সম্পাদক টি জামান নিকিতা ও রাগেবুল আহসানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।