মমতাজপক্ষে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা ছাত্রলীগের বিবদমান দুই পক্ষকে খুশি রাখতে ‘সমঝোতার কমিটি’ ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সম্মেলনের পাঁচ দিনের মাথায় জেলা কমিটিসহ পাঁচটি সাংগঠনিক কমিটির ১০টি পদ দুই পক্ষের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়েছে। এতে এক পক্ষ আনন্দ মিছিল করেছে, অন্য পক্ষে বিরাজ করছে হতাশা।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়ায় ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দীর্ঘদিনের। চার বছর আগে ছাত্রলীগের সম্মেলনে দুই পক্ষের নেতাদের নিয়ে সমঝোতার কমিটি হয়। ওই কমিটির সভাপতি আল রাজি জুয়েল জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের ও সাধারণ সম্পাদক মাশরাফি হিরো জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের অনুসারী ছিলেন। তবে দুই বছর আগে মাশরাফি মমতাজ উদ্দিনের পক্ষ নেন। ওই ঘটনায় বিরোধ বেড়ে যায়। মুখোমুখি অবস্থান নেয় বিবদমান দুটি পক্ষ। পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয় সরকারি আজিজুল হক কলেজসহ চারটি সাংগঠনিক শাখার।
৭ মে জেলা ছাত্রলীগের সম্মেলন হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই মমতাজ উদ্দিনের অনুসারী হওয়ায় কাউন্সিলর (সম্মেলন প্রতিনিধি) তালিকা তৈরি থেকে শুরু করে সম্মেলন আয়োজন পর্যন্ত সব পর্যায়ে কর্তৃত্ব ছিল তাঁদেরই। নেতা-কর্মীরা বলেন, কাউন্সিলর তালিকা নিজেদের মতো তৈরি করায় ৭ মে অনুষ্ঠিত ওই সম্মেলনে মমতাজ উদ্দিন গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুপারিশ করেন। আর মঞ্জুরুল সমঝোতার ভিত্তিতে কমিটি করার পক্ষে মত দেন। এতে মমতাজের অনুসারীরা রাজি না হলে কমিটি ঘোষণা না করেই ঢাকায় চলে যান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা।
গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে জেলা ছাত্রলীগ ছাড়াও সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া শহর ও সদর উপজেলার কমিটি ঘোষণা করা হয়। এতে নাইমুর রাজ্জাককে জেলা ছাত্রলীগের সভাপতি, সনৎ কুমারকে সহসভাপতি, অসীম কুমার রায়কে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটি ঘোষণার খবরে মঙ্গলবার রাতেই শহরে আনন্দ মিছিল করেন মঞ্জুরুলের অনুসারী নেতা-কর্মীরা। অন্যদিকে কমিটিতে প্রত্যাশিত পদ না পেয়ে মমতাজ উদ্দিনের অনুসারীরা হতাশায় ভেঙে পড়েন। নাম প্রকাশ না করার শর্তে মমতাজ উদ্দিনের অনুসারী কয়েকজন নেতা বলেন, ঘোষিত কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হয়নি। গঠনতন্ত্র অনুসারে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের কথা ছিল। কিন্তু সম্মেলনে অতিথি হয়ে আসা কেন্দ্রীয় নেতারা অন্য পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে ঢাকায় গিয়ে কমিটি ঘোষণা করেছেন।
মঞ্জুরুল আলমের অনুসারী নেতারা বলছেন, কেন্দ্রীয় ছাত্রলীগ সমঝোতার কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নিয়ে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন।
জেলা ছাত্রলীগের আগের কমিটির সাধারণ সম্পাদক মাশরাফি বলেন, সম্মেলনে নেতা-কর্মীদের প্রত্যাশা ছিল যোগ্য নেতৃত্ব নির্বাচন করার। কিন্তু তা হয়নি। একই কমিটির সভাপতি আল রাজি বলেন, ‘সমঝোতার কমিটি বলা হলেও আমাদের সঙ্গে কোনো আলাপ করা হয়নি।’ সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার রায় বলেন, ঘোষিত কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বগুড়া ছাত্রলীগের কমিটি সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগের মুঠোফোনে ফোন করা হলেও তিনি ধরেননি।