মশাল নিয়ে সিদ্ধান্ত, ক্ষোভে জ্বলছে জাসদের একাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতীক ‘মশাল’ হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন পক্ষকে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন দলটির অপর অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। তাঁরা বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) এ সিদ্ধান্ত অপ্রত্যাশিত, অসময়োচিত এবং দায়িত্বশীলতার পরিচায়ক নয়। আনুষ্ঠানিক ঘোষণার আগে বিষয়টি ‘ভালোভাবে পর্যালোচনা’ করার দাবি জানান তাঁরা। 

আজ শুক্রবার বিকেলে জাসদ একাংশের দপ্তর সম্পাদক ইউনুসুর রহমান স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তাঁরা বলেন, শুনানির সময় নির্বাচন কমিশন বলেছে, সিদ্ধান্ত গ্রহণে তাদের আরও তথ্য-উপাত্ত প্রয়োজন হতে পারে ও সংশ্লিষ্ট পক্ষ আরও তথ্য-উপাত্ত দাখিল করতে পারবে। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় পর্যায়েও উভয় পক্ষকে মশাল প্রতীক ব্যবহার করার ব্যাপারে নির্বাচন কমিশন সম্মতি দিয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের প্রতীক বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত প্রদানের এখতিয়ার দেওয়া হয়েছে। এমতাবস্থায় নির্বাচন কমিশনের আকস্মিক এ সিদ্ধান্ত জাসদকে বিভক্ত করাকেই প্রকারান্তরে এগিয়ে নিয়ে গেছে; যা তাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে না।
বিবৃতিতেও আরও বলা হয়, ১২ মার্চ কেন্দ্রীয় কাউন্সিলের ঘটনাও নির্বাচন কমিশন সঠিকভাবে আমলে নেয়নি। নির্বাচনী অধিবেশনে ব্যক্তিবিশেষদের গঠনতন্ত্র ও নির্বাচনী রীতিনীতি অনুসারে অধিবেশন পরিচালনা না করার বিষয়গুলো আমলে না নিয়ে কমিশন সিদ্ধান্ত দিয়েছে। নির্বাচনী অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের কোনো ফলাফলই সিদ্ধান্ত আকারে আসাটা বিবেচিত হতে পারে না। অথচ শুধু একটি প্রস্তাবিত বিষয়কে নির্বাচন কমিশন বড় করে দেখিয়ে মশাল প্রতীক ব্যবহারের জন্য এক অংশকে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে গণমাধ্যমে উঠে এসেছে।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণার আগে বিষয়টি আবারও ভালোভাবে পর্যালোচনা করে ন্যায়বিচার নিশ্চিত করে সিদ্ধান্ত দেওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।