মশাল নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি ইসি

বিভক্ত জাসদের দুই পক্ষের মধ্যে কারা ‘মশাল’ প্রতীক পাবে, সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। গতকাল বুধবার উভয় পক্ষের শুনানি গ্রহণ করে কমিশন বিষয়টি নিয়ে আরও পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে।
তবে কমিশন সচিবালয়ের নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, মশাল-সম্পর্কিত বিরোধ দ্রুত নিষ্পত্তি না করলে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতীক বরাদ্দ করা নিয়ে কমিশনকে বিপাকে পড়তে হবে।
কমিশন গতকাল দুপুরের আগে হাসানুল হক ইনু ও শিরীন আখতার পক্ষ এবং বিকেলে শরীফ নূরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান পক্ষের শুনানি গ্রহণ করে। শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, কমিশন উভয় পক্ষের দেওয়া কাগজপত্র পর্যালোচনা করছে।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে দুই পক্ষই মশালের দাবিদার। আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
নির্বাচন কমিশনার আবদুল মোবারকের মতে, তৃতীয় ধাপের নির্বাচনে মশাল প্রতীক নিয়ে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা কম। কারণ, এই ধাপে এমন কোনো ইউপি নেই, যেখানে উভয় পক্ষ প্রার্থী দিয়েছে। চতুর্থ ধাপ থেকে জটিলতা তৈরি হতে পারে।
তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ৭৪৩ ইউপিতে ভোট গ্রহণ হবে আগামী ৭ মে। এ ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। প্রতীক বরাদ্দ হবে ১৯ এপ্রিল।
গতকাল শুনানি শেষে হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, ‘আমরা যাবতীয় তথ্য উপস্থাপন করেছি। কমিশন কিছু প্রশ্ন করেছে, আমরা জবাব দিয়েছি। জানিয়েছি মশাল প্রতীক আমাদের। কমিশনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আশা করি তারা সুবিবেচনা করবে।’
অন্য পক্ষের নেতা মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘দলের স্থায়ী কমিটি, জেলা কমিটি এবং সংসদীয় কমিটিতে আমাদের অংশই সংখ্যাগরিষ্ঠ। জাসদের ছয়জন সাংসদের চারজন আমাদের।’
বাদল আরও বলেন, ‘সংসদে ইনু, শিরীন ও আমি নৌকায় পার হয়েছি। মশাল প্রতীকে যে দুজন নির্বাচিত হয়েছেন, তাঁরাও আমাদের সঙ্গে। যাঁরা মশাল নিয়ে নির্বাচিত হয়েছেন, তাঁদের কাছ থেকে মশাল কেড়ে নিলে তাঁদের অবস্থান কী হবে?’