মশাল পাচ্ছে ইনুর জাসদ
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও এর প্রতীক মশালের মালিক হতে যাচ্ছেন হাসানুল হক ইনু-সমর্থিত অংশ। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) আজ বুধবার সিদ্ধান্ত নিয়েছে। আগামী রোববার খণ্ডিত জাসদের দুই পক্ষকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসানুল হক ইনুর সমর্থিত জাসদই মশাল পেতে যাচ্ছে। কমিশন সে রকম সিদ্ধান্তই নিয়েছে।
কমিশন এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে কি না, জানতে চাইলে সচিব বলেন, কমিশনার আবদুল মোবারক অন্য কমিশনারদের মতের সঙ্গে পুরোপুরি একমত হতে পারেননি। তিনি এ-সংক্রান্ত নথিতে কিছু পর্যবেক্ষণ দিয়েছেন।
গত ১২ মার্চ মহানগর নাট্যমঞ্চে জাসদের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের নির্বাচন পর্বে কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়। এক পক্ষ হাসানুল হক ইনুকে সভাপতি ও শিরীন আখতারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে। অপর পক্ষ জাতীয় প্রেসক্লাবে গিয়ে শরীফ নূরুল আম্বিয়াকে সভাপতি ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে। পরে উভয় পক্ষই নিজেদের কমিটি গঠন সম্পর্কিত তথ্য নির্বাচন কমিশনে জমা দেয়।
বিরোধ নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন ৪ এপ্রিল উভয় পক্ষের শুনানি গ্রহণ করে।