মসিউর ও তাজুলকে 'তেলাপোকা' বললেন রেজাউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের দুই নেতা মসিউর রহমান ও তাজুল ইসলাম সম্পর্কে জাতীয় পার্টির (জাপা) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, ‘দুই উইকেটের এখনও চূড়ান্ত পতন হয়নি। তারা দুইটি তেলাপোকা। তোলাপোকার পাখা হয় মরণের তরে। তাদের মরণ অবশ্যম্ভাবী।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে রেজাউল এসব কথা বলেন। তিনি বলেন, ‘রাস্তায়, এলাকায়, সংসদে যেখানে পাওয়া যাবে, সেখানে তাঁদের প্রতিহত করা হবে।’
রেজাউল ইসলাম বলেন, ‘এই দুই তেলাপোকা এবং এর বাইরে যাঁরা আছেন তাঁদের হুঁশিয়ার করে বলতে চাই, এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি চলবে। এর বাইরে কোনো বিকল্প নেতৃত্ব সৃষ্টি হতে দেব না। কেউ বিকল্প নেতৃত্ব সৃষ্টির চেষ্টা করলে তাঁকে প্রতিহত করা হবে।’
মসিউর রহমান ও তাজুল ইসলাম জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য ও দলের মহাসচিবের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে এ সমাবেশ করা হয়। গত বুধবার মসিউর ও তাজুলকে দলের সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে অব্যাহতি দেন এরশাদ। একই সঙ্গে এ দুই নেতার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম এবং রংপুর জেলা ও মহানগর কমিটি ভেঙে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ সম্পর্কে বিরূপ মন্তব্য এবং মহাসচিব জিয়াউদ্দিনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান মসিউর ও তাজুল।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, জাতীয় পার্টি বিএনপির বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। ঠিক সে সময়ে দলের ভেতরে বিএনপি-জামায়াত ও যুদ্ধাপরাধীরা শঙ্কিত হয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। জাতীয় পার্টিতে যুদ্ধাপরাধীদের কোনো জায়গা নেই। তিনি বলেন, জাতীয় পার্টি ভাঙার স্পর্ধা কারও নেই। যারা ষড়যন্ত্র করছে, তারা কেউ জাতীয় পার্টির লোক না। ষড়যন্ত্র করে তারা দলের ঐক্যকে ব্যাহত করতে চাচ্ছে।
দলের আরেক যুগ্ম মহাসচিব গোলাম আলী বলেন, দুজনের ব্যাপারে চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন, তা যেন অটুট থাকে। এরপর কেউ যদি বড় মাছ নিয়ে পা ধরেন, তখন যেন মাফ করে দেওয়া না হয়।
মসিউর ও তাজুলকে উদ্দেশ করে ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহেমদ বলেন, তাঁরা ঢাকায় অন্তত প্রকাশ্যে আসতে পারবেন না। তিনি বলেন, জাতীয় পার্টির এ অবস্থা দেখে কষ্ট লাগছে। যাঁরা ক্ষমতায় গিয়ে প্রিয় নেতাকে নিয়ে অশোভন আচরণ, মহাসচিবের সঙ্গে দুর্ব্যবহার করছেন, তাঁদের প্রতিহত করতে হবে।
দলের ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম বলেন, বিএনপি থেকে জাতীয় পার্টিতে এসে হুইপ হয়ে এখন দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
ঢাকা-৪ আসনের সাংসদ ও জাপার ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা সমাবেশে সভাপতিত্ব করেন।