মসিউর রহমান ও তাজুল ইসলামকে প্রতিহতের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) অভ্যন্তরীণ বিরোধ আরও তীব্র হয়ে উঠেছে। দলের সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে বাদ পড়া দুই নেতা মসিউর রহমান ও তাজুল ইসলাম চৌধুরীকে ‘তেলাপোকা’ বলে অভিহিত করেছেন এরশাদপন্থী নেতারা। এ দুই নেতাকে যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করার ঘোষণাও দিয়েছেন তাঁরা।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত প্রতিবাদ সমাবেশে জাপার নেতারা এ ঘোষণা দেন।
দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে গণমাধ্যমে মসিউর রহমান ও তাজুল ইসলামের বিরূপ মন্তব্য করা এবং মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে এ সমাবেশ করা হয়। মসিউর ও তাজুলকে গত বুধবার দলের সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে অব্যাহতি দেন এরশাদ। একই সঙ্গে এ দুই নেতার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম এবং রংপুর জেলা ও মহানগর কমিটি ভেঙে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাদ পড়া দুই নেতার একজনকে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী, আরেকজনকে ষড়যন্ত্রকারী বলে উল্লেখ করেন। তিনি বলেন, জাতীয় পার্টি যখন বিএনপির বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে, তখন দলের ভেতরে বিএনপি-জামায়াত ও যুদ্ধাপরাধীরা শঙ্কিত হয়ে নানা ষড়যন্ত্র করছে।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীকে ‘তেলাপোকা’ বলে মন্তব্য করেন। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, দুই উইকেটের এখনো চূড়ান্ত পতন হয়নি। এ দুটি তেলাপোকা। তেলাপোকার পাখা হয় মরণের তরে। তাঁদের মরণ অবশ্যম্ভাবী। রাস্তায়, এলাকায়, সংসদে যেখানে পাওয়া যাবে, সেখানে তাঁদের প্রতিহত করা হবে।
আরেক যুগ্ম মহাসচিব গোলাম আলী বলেন, ‘আমরা মন্ত্রী পেটানো লোক। রাঙ্গামঙ্গা-তাজুমাজুদের স্থান জাতীয় পার্টিতে হবে না। চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন, তা যেন অটুট থাকে। এরপর কেউ যদি বড় মাছ নিয়ে এসে পা ধরেন, তখন যেন মাফ করে দেওয়া না হয়।’
দলের সাংসদ ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা সমাবেশে সভাপতিত্ব করেন। ‘তেলাপোকা’ বলা এবং প্রতিহত করার বিষয়ে জানতে চাইলে মসিউর রহমান ওই নেতার নাম উল্লেখ করে প্রথম আলোকে বলেন, ‘যে নিজে তেলাপোকা, সে তো অন্যকে তেলাপোকাই বলবে। ও প্রতিহত করার কে? ওর লেকচার মারার দরকার মেরেছে। কাকে খুশি করার জন্য মেরেছে, সেই জানে।’
কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে মসিউর রহমান দলীয় প্রধান এরশাদের বাসায় গিয়ে ক্ষমা চেয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে মসিউর বলেন, তিনি এরশাদের বাসায় যাননি। তবে বৃহস্পতিবার সংসদে দেখা হয়েছে। কেমন আছেন, এটুকু কথা হয়েছে।