মসিউরকে আবার সভাপতিমণ্ডলীতে নিলেন এরশাদ
জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমানকে। গতকাল মঙ্গলবার তাঁকে পুনর্বহাল করার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নির্দেশ দেন।
এরশাদের গণমাধ্যমবিষয়ক ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
গত ১০ সেপ্টেম্বর জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে তাজুল ইসলাম চৌধুরী ও মসিউর রহমানকে অব্যাহতি দেন জাপার চেয়ারম্যান। এরশাদ সম্পর্কে বিভিন্ন সংবাদমাধ্যমে অশালীন ও বিরূপ মন্তব্য করায় দুজনের বিরুদ্ধে ওই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
দলীয় সূত্রগুলো জানায়, মসিউর রহমান এরশাদের একক কোনো সিদ্ধান্ত না মানার ঘোষণা দেন। আর তাজুল ইসলাম জাপার তিন মন্ত্রীর পদত্যাগের আগে এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে পদত্যাগ করার পরামর্শ দেন।
রওশন এরশাদের নেতৃত্বে ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে মসিউর ও তাজুল দলে রওশনপন্থী নেতা হিসেবে পরিচিতি পান। পরে মসিউর রহমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও তাজুল ইসলাম সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ হন।
এরপর বিভিন্ন সময়ে রংপুরে জাতীয় পার্টির এরশাদপন্থী নেতা-কর্মীদের সঙ্গে রাঙ্গাপন্থী নেতা-কর্মীদের কয়েক দফা মারামারিও হয়েছিল।