মহম্মদপুরে নিতাই রায় চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক নিতাই রায় চৌধুরীকে মহম্মদপুর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার মহম্মদপুর উপজেলা সদরে কলেজ সড়কের দলীয় কার্যালয়ের সামনে দলটির একাংশের নেতা-কর্মীরা এ ঘোষণা দেন। এ সময় নিতাই রায় চৌধুরীর ছবিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির সম্প্রতি ঘোষিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে ভাইস চেয়ারম্যান করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে কেন্দ্রীয় কমিটির সদস্যপদ পাওয়া মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা-২ আসনের (শালিখা ও মহম্মদপুর) সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক (কাজী কামাল) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেন। এরপর থেকেই মহম্মদপুরে এ দুই নেতার অনুসারীদের মধ্যে উত্তেজনা চলছে। গতকাল উপজেলা সদরের কলেজ সড়কের দলীয় কার্যালয়ের সামনে পথসভা করেন কাজী কামালের অনুসারীরা। বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আজমের সভাপতিত্বে সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, সদর ইউপির চেয়ারম্যান মো. আকতারুজ্জামান, অধ্যক্ষ মতিউর রহমান, এস এম ইউনুস আলী, আবদুর রউফ, জহুরুল হক, মিজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
তাঁরা অভিযোগ করেন, জাতীয় পার্টি থেকে নিতাই রায় চৌধুরী বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি কোন্দল সৃষ্টি করে বিএনপিকে দুর্বল করেছেন। নিজের পরিবারের সদস্য ও পছন্দের লোকদের নিয়ে ‘পকেট কমিটি’ করে তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এ সময় তাঁরা মহম্মদপুরে নিতাই রায় চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁকে প্রতিহতের ডাক দেন।
এ ব্যাপারে নিতাই রায় চৌধুরী বলেন, ‘যাঁরা এসব অভিযোগ করছেন, তাঁরা প্রকৃতপক্ষে বিএনপি করেন না; কাজী কামালের অনুসারী। তাঁরা আমাকে অবাঞ্ছিত ঘোষণা করার কেউ না।’