মহসিন আলীর আসনে ৮ নভেম্বর আ. লীগের প্রার্থী চূড়ান্ত
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে ৬ নভেম্বর। সংসদীয় বোর্ড দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করবে ৮ নভেম্বর।
আজ রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।
দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ ও ৭ নভেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে আগ্রহী প্রার্থীদের দলের মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে। পরদিন (৮ নভেম্বর) দুপুর দুইটার মধ্যে ওই ফরম পূরণ করে জমা দিতে হবে। একইদিন সন্ধ্যা সাতটায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের পরবর্তী সভায় সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাত্কার নেওয়া হবে। বরাবরের মতো মনোনয়ন ফরমের ফি ধরা হয়েছে ২৫ হাজার টাকা।
নির্বাচন কমিশন (ইসি) ৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে ২৯ অক্টোবর এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৪ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহার ২২ নভেম্বর। চলতি বছরের ১২ ডিসেম্বরের মধ্যে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে।