মহসিন উলকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি
জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে মহসিন উল ইসলাম হাবুলকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের প্রাথমিক সদস্যপদও হারিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও তাঁর প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে অব্যাহতির এই চিঠি সম্পর্কে কিছুই জানেন বলে দাবি করেছেন মহসিন উল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি জাতীয় পার্টির বাইরে অন্য কোনো দলে যাইনি। এমনকি আমার বিরুদ্ধে বরিশাল অঞ্চলে এবং দলের মধ্যে কোনো ধরনের অভিযোগও নেই। দল থেকে অব্যাহতি দেওয়ার কথা শুনেছি। কিন্তু আমি কোনো পত্র পাইনি।’
মহসিন উল ইসলাম আরও বলেন, কাউকে দল থেকে অব্যাহতি দিতে হলে অভিযোগ সম্পর্কে তাঁকে জানাতে হয়। একই সঙ্গে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। কিন্তু তাঁর ক্ষেত্রে কিছুই করা হয়নি। তা ছাড়া কী কারণে অব্যাহতি দেওয়া হয়েছে, তা তিনি এখন পর্যন্ত জানেন না। এটাকে জাতীয় পার্টি ও তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ষড়যন্ত্র হিসেবে দেখছেন তিনি।
জানতে চাইলে জাতীয় পার্টির বরিশাল মহানগরের সভাপতি এ কে এম মর্তুজা আবেদীন বলেন, মহসিন উল ইসলাম দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দলে একক নেতৃত্ব কায়েম করার চেষ্টা করেছেন তিনি। পার্টির চেয়ারম্যান বরিশালে থাকা অবস্থায় সম্মেলন বর্জনের ঘোষণা দেন মহসিন উল ইসলাম, যা দলের শৃঙ্খলা ভঙ্গের শামিল। এসব কারণেই হয়তো তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে দলের অপর এক নেতা নাম প্রকাশ না করে বলেন, মূলত মহানগর সভাপতি মর্তুজা আবেদীনের সঙ্গে জেলার সাবেক সভাপতি মহসিন উল ইসলামের দ্বন্দ্ব চলছিল। দলের ভেতরে আধিপত্য বিস্তার নিয়ে মর্তুজা আবেদীন তাঁর প্রতিপক্ষের বিরুদ্ধে কেন্দ্রে ও দলের চেয়ারম্যানের কাছে অভিযোগ করতেন। এরশাদ মর্তুজা অবেদীনকে পছন্দও করেন। সেই সুযোগই কাজে লাগিয়েছেন মহানগর সভাপতি।
২৯ বছর জাতীয় পার্টির সঙ্গে থাকার পরও মহসিন উল ইসলামকে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়ায় হতাশ, ক্ষুব্ধ অন্যান্য দলের নেতা-কর্মীরাও। তাঁদের ভাষ্য, বরিশালসহ দক্ষিণাঞ্চলে মহসিন উল ইসলাম নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত। দলের প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দল ত্যাগ করেননি।