মহাজোটের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হবেন মোহসীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মোহসীন
মো. মোহসীন

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মহাজোটের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হবেন জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের (ইনু) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. মোহসীন। এই আসনে বর্তমান সাংসদ মহাজোটের শরিক দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না। তিনি জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদারের স্ত্রী। ২০১৪ সালে মহাজোটের হয়ে জাতীয় পার্টির প্রার্থী নাসরিন জাহান রত্না নির্বাচন  করে জয়ী হন। আর রুহুল আমিন হাওলাদার জয়ী হন পটুয়াখালী-১ আসন থেকে।

এ সম্পর্কে মো. মোহসীন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে আছি। সাধ্যমতো এলাকার রাস্তাঘাট এবং অন্যান্য উন্নয়নে কাজ করেছি। এবার দলগতভাবেই আমরা মহাজোটের কাছে আসনটি চেয়েছি। যদি মহাজোটের কাছ থেকে মনোনয়ন না মেলে, তবে স্বতন্ত্রভাবে নির্বাচন করব। এ জন্য প্রস্তুতি নিচ্ছি।’

জাপা সূত্র জানায়, এবারও বরিশাল-৬ ও পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টি থেকে মহাজোটের হয়ে এই দম্পতি নির্বাচনে অংশ নিতে চান। কিন্তু মহাজোটের আরেক শরিক দল জাসদ (ইনু) এবার নতুন করে বরিশাল-৬ আসনটি দাবি করছে। এ লক্ষ্যে জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. মোহসীন দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করছেন। গতকাল আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা দিলেও বরিশাল-৬ আসনে প্রার্থী ঘোষণা করেনি। এই আসনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ উদ্দীন মল্লিক দলের মনোনয়নপ্রত্যাশী। ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে প্রথমে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও জোটের কারণে তাঁকে শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করে নিতে হয়। এবারও তিনি এই আসন থেকে মনোনয়ন চেয়েছেন।

এ সম্পর্কে জানতে গতকাল বিকেলে সাংসদ নাসরিন জাহানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ধরেননি। বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক বিপ্লব মিত্র বলেন, এই আসনে স্বাধীনতার পর থেকে জাতীয় পার্টির প্রার্থী ছয়বার জয়ী হয়েছেন। এখানে জাতীয় পার্টির বিকল্প নেই। এখনো এই আসনে প্রার্থী চূড়ান্ত না হলেও জাতীয় পার্টির প্রার্থীই মনোনয়ন পাবেন।