মহাজোটের মেনন, বিএনপিতে আব্বাস ও হাবিব-উন-নবী
ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, উচ্চ আদালত, মন্ত্রিপাড়ার কারণে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে সংসদীয় এলাকা ঢাকা-৮। জোটবদ্ধ নির্বাচন হলে আগামী নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ২০০৮-এর প্রার্থীরা। তবে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে একাধিক সাবেক সাংসদের পাশাপাশি দৌড়ঝাঁপ করছেন কয়েকজন সাবেক ছাত্রনেতা।
২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩৩ হাজার ৯৮১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি। ওই নির্বাচনে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন চারদলীয় জোটের প্রার্থী বিএনপির নেতা হাবিব-উন-নবী খান।
২০১৪ সালের নির্বাচন বিএনপি বর্জন করে। ওই নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন রাশেদ খান মেনন। পরপর দুবার সাংসদ থাকায় এলাকায় অনেক উন্নয়নের সুযোগ পেয়েছেন তিনি। ক্ষমতাসীন জোটের প্রার্থী হিসেবে আগামী নির্বাচনের জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি। নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন।
রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, ‘এটা আমার নির্বাচনী এলাকা ছিল না। প্রধানমন্ত্রী আমাকে এখানে নিয়ে এসেছেন। আগামী নির্বাচনেও তিনি আমাকে মনোনয়ন দেবেন বলে প্রত্যাশা করছি। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সবার সহযোগিতায় আগের চেয়েও বেশি ভোটের ব্যবধানে জয়ী হব।’
অন্যদিকে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট থেকে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন হাবিব-উন-নবী। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব, একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতির দায়িত্বেও আছেন। গত ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে যাওয়ার পথে বড় জমায়েত তৈরি করে আলোচনার জন্ম দেন হাবিব-উন-নবী। ২০০৮-এর নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করলেও ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে কম ভোটের ব্যবধানে পরাজিত হন হাবিব-উন-নবী। এখন বিভিন্ন মামলার কারণে আত্মগোপনে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এবারও তিনি এ আসন থেকে নির্বাচন করবেন বলে দলে তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, দলীয় প্রধান কারাগারে থাকায় নৈতিকভাবে নির্বাচনে প্রার্থিতা নিয়ে এখন কথা বলা সম্ভব নয়।
দলীয় সূত্র জানায়, এ আসনে মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সাংসদ মির্জা আব্বাসও। তিনি শাহজাহানপুরের স্থায়ী বাসিন্দা। ঢাকা-৮-এর একটি বড় অংশ তাঁর সাবেক নির্বাচনী এলাকা। ২০০৮-এ কারাগারে থাকায় নির্বাচন করতে পারেননি মির্জা আব্বাস। তাঁর সাবেক নির্বাচনী এলাকার আরেকটি অংশ বর্তমানে ঢাকা-৯, সেখানে মনোনয়নপ্রত্যাশী তাঁর স্ত্রী আফরোজা আব্বাস।
এই ব্যাপারে জানতে চাইলে মির্জা আব্বাস প্রথম আলোকে বলেন, ‘আগে নির্বাচনের পরিবেশ তৈরি হোক। পরিস্থিতি বুঝে দল মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’
আ.লীগের যাঁরা মনোনয়ন চান
ক্ষমতাসীন জোট থেকে রাশেদ খান মেননের মনোনয়ন অনেকটা নিশ্চিত। তারপরও এই আসন থেকে মনোনয়ন পাওয়ার আশায় দৌড়ঝাঁড় করছেন আওয়ামী লীগের অনেকে। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম (মুরাদ) ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী।
দেলোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি প্রথম আলোকে বলেন, এটা উচ্চশিক্ষিতদের এলাকা এবং গুরুত্বপূর্ণ আসন। তাই এখানকার প্রার্থী অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন মোল্লা মো. আবু কাওসার। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। সাবেক ছাত্রনেতা হিসেবে তিনিও মনোনয়ন চাইছেন এখানে। আরেক সাবেক ছাত্রনেতা শাহে আলম। তিনি ছাত্রলীগের অবিভক্ত ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এ আসনের পাশাপাশি ঢাকা-৬ থেকেও মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন তিনি।
আলোচনায় আছেন যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরীও। তিনি প্রথম আলোকে বলেন, ‘দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা তো আছেই। কিন্তু এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে দলীয় হাইকমান্ড। দল থেকে যা সিদ্ধান্ত নেওয়া হবে, সে অনুযায়ী কাজ করব।’
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালের নির্বাচনের আগে আসন পুনর্বিন্যাস করে রাজধানীর মতিঝিল-রমনা-পল্টন থানা নিয়ে গঠন করা হয় ঢাকা-৮ সংসদীয় আসন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড এ আসনের আওতাভুক্ত। এর আগে এ আসনের মতিঝিল ও পল্টন থানার আওতাভুক্ত এলাকা ঢাকা-৬ ও রমনা থানার আওতাভুক্ত এলাকা ঢাকা-১০ আসনের অধীনে ছিল। এ হিসেবে ১৯৯৬-এর পর বিভিন্ন সময় এ এলাকার সাংসদ ছিলেন এইচ বি এম ইকবাল, মির্জা আব্বাস, মেজর (অব.) আব্দুল মান্নান ও মোসাদ্দেক আলী।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ড নিয়ে ঢাকা-৮। নয়জন কাউন্সিলর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। পাঁচজন কাউন্সিলরের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা সবাই দলের মনোনয়নের আশায় চেষ্টা-তদবির করছেন। অবশ্য তাঁরা এ-ও বলেছেন, বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যাঁকে মনোনয়ন দেবেন, তাঁর জন্যই তাঁরা কাজ করবেন।