মহাদেবপুরে সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রার্থীদের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুরে আগামী ৪ জুন অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। গত রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও আচরণবিধি বিষয়ে স্থানীয় প্রশাসন ও প্রার্থীদের মধ্যে মতবিনিময় সভায় ওই প্রার্থীরা শঙ্কার কথা জানান।
ইউএনও এ কে এম তাজকির উজ-জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুস সালাম প্রমুখ।
সভায় মহাদেবপুর সদর ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী আবদুল মান্নান চৌধুরী অভিযোগ করেন, সরকারদলীয় প্রার্থী এবং বিএনপির মনোনীত প্রার্থীর লোকজন তাঁর কর্মীদের প্রচারণায় বাধা দিচ্ছেন। নানাভাবে কর্মীদের হুমকি-ধমকি দিচ্ছেন। বেশ কয়েকটি জায়গায় পোস্টার ছিঁড়ে ফেলেছেন।
সফাপুর ইউপিতে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী ময়েন উদ্দীন অভিযোগ করেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের প্রার্থীর লোকেরা মুঠোফোনে হুমকি দিচ্ছেন। এ ছাড়া আওয়ামী লীগের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন। প্রতিদিন লোকজন নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করছেন। অথচ প্রশাসন তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
ভীমপুর ইউপিতে বিএনপির প্রার্থী রামপ্রসাদ ভদ্র অভিযোগ করেন, তাঁর কর্মী ও সমর্থকদের আওয়ামী লীগের প্রার্থীর লোকেরা হুমকি দিচ্ছেন। তাঁর পক্ষে প্রচারণা চালালে একাধিক মামলা দিয়ে হয়রানি করা হবে বলে কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। নিজেদের পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য বিএনপির প্রার্থীরা এসব অভিযোগ করছেন।
উপজেলা বিএনপির সভাপতি আখতার হামিদ সিদ্দিকী বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের প্রার্থী ও তাঁদের লোকজন বিএনপির প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছেন।
জেলা প্রশাসক আমিনুর রহমান বলেন, ‘যেকোনো মূল্যে নির্বাচন অবাধ ও শতভাগ সুষ্ঠু করা হবে। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’