মহানগর উত্তর বিএনপির কর্মীসভায় হামলা, আহত ১৫
ঢাকা মহানগর উত্তর কর্মীসভায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ হামলা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। এতে দলের ১৫ নেতা–কর্মী আহত হয়েছেন বলেও দাবি তাদের। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মহানগর উত্তর বিএনপির নেতা–কর্মীরা জানান, আজ শনিবার দলটির মোহাম্মদপুর জোনের শেরেবাংলা থানাধীন ২৭, ২৮ ও ৯৯ ওয়ার্ড বিএনপির কর্মীসভা ছিল।
রাজধানীর ফার্মগেট এলাকার ছায়ানীড় রেস্তোরাঁয় আয়োজিত কর্মীসভায় উপস্থিত মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক বক্তব্য দেওয়ার সময় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালান। এতে বিএনপির অন্তত ১৫–২০ জন আহত হয়েছেন। হামলাকারীরা রেস্তোরাঁও ভাঙচুর করেন বলে তারা জানান।
আমিনুল হক সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ কখনোই বিরোধী মত ও পথকে সহ্য করতে পারে না। ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনগুলো জাতির জন্য কলঙ্ক।