যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন ২৭ নম্বর ওয়ার্ডের (চকবাজার) সভাপতি হয়েছেন মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সজীব ঘোষ। গতকাল বুধবার রাজধানীর গোলাম মোর্শেদ কমিউনিটি সেন্টারে ওয়ার্ডের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হন তাঁরা। এক সপ্তাহের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ শাখা সভাপতি ইসমাইল চৌধুরী। বক্তব্য দেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সভাপতিমণ্ডলীর সদস্য শহীদ সেরনিয়াবাত, আবদুর সাত্তার মাসুদ, শাহজাহান ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক এমদাদুল হক, আইনবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন।
এর আগে কাউন্সিল অধিবেশনে নেতারা পৌঁছালে তাঁদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কাউন্সিল অধিবেশন শুরু হয়।