বরিশালে সাড়ে তিন বছর ধরে থাকা ছাত্রদলের মহানগর আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কলেজ ছাত্রদলের কমিটি। মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল বুধবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সদস্যদের নিয়ে গত মঙ্গলবার রাত নয়টায় ছাত্রদলের কমিটি গঠন করা হয়। কমিটিতে মো. আবদুল কাদের ওরফে সজীবকে আহ্বায়ক এবং মাহফুজুর রহমানকে সদস্যসচিব করে ৫১ সদস্যের ওই কমিটি গঠন করা হয়।
৫১ সদস্যের কমিটি গঠন করা হলেও একজন আহ্বায়ক, পাঁচজন যুগ্ম আহ্বায়ক এবং একজন সদস্যসচিবের নামসহ গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। পাঁচ যুগ্ম আহ্বায়ক হলেন ৪১তম ব্যাচের শিক্ষার্থী রেজওয়ান তাহসীন, এরশাদ মিয়া, শাখাওয়াত হোসেন, ফয়সাল বিল্লাহ ও রুহুল আমিন সিকদার।
মহানগর ছাত্রদলের একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, ২০১১ সালের মে মাসে তিন মাসের জন্য বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রায় সাড়ে তিন বছর অতিক্রম করলেও তারা পূর্ণাঙ্গ কমিটি গঠনে কোনো উদ্যোগ নেয়নি। ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা। কিন্তু কোনো সময়ই ওই নিয়ম মানা হয় না। যার কারণে আহ্বায়ক কমিটি তার আওতায় কলেজ ও ওয়ার্ড কমিটির অনুমোদন দিচ্ছে।
মহানগর কমিটির আহ্বায়ক খন্দকার আবুল হাসান প্রথম আলোকে বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ওই কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
মহানগরের আহ্বায়ক কমিটি কেন সাড়ে তিন বছরেও পূর্ণাঙ্গ হয়নি? আহ্বায়ক কমিটি কি অন্য আহ্বায়ক কমিটির অনুমোদন দিতে পারে? জানতে চাইলে আবুল হাসান বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠন করার মতো সার্বিক রাজনৈতিক অবস্থা িছল না। রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে কমিটি করা সম্ভব হয়নি। কেন্দ্র থেকে দায়িত্ব দেওয়ায় মহানগরের অন্য কমিটির অনুমোদন দেওয়া হচ্ছে। তবে শিগগিরই মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।