মহাসচিব হয়েই ফখরুল কারাগারে, অতঃপর মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অবশেষে বিএনপির মহাসচিব হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাঁচ বছর ‘ভারপ্রাপ্ত’ থাকার পর গতকাল বুধবার বেলা সোয়া ১১টায় যখন তাঁকে দলের সপ্তম মহাসচিব ঘোষণা করা হয়, তখন তিনি ছিলেন আদালতে। এরপর হাজতখানা, কেন্দ্রীয় কারাগার হয়ে সন্ধ্যায় জামিনে মুক্তি পান নতুন মহাসচিব।
এদিকে গতকালই ঢাকা মহানগর দায়রা জজ আদালত ২০-দলীয় জোটের আন্দোলনের সময়কার নাশকতার একটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দলটির নেতারা খালেদা জিয়া ও মির্জা ফখরুলের গতকালের ঘটনা দুটোকে রাজনৈতিক হয়রানি ও সাম্প্রতিক সময়কার কিছু ঘটনা থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা বলে মনে করছেন।
জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী ঘটনা দুটিকে ‘বর্তমান অনির্বাচিত সরকারের নার্ভাসনেস’ বলে মন্তব্য করেন। তিনি প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা লুট, বাংলাদেশের কার্গো বিমান পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে যাতে কেউ দাঁড়াতে না পারে, সে জন্য সরকার ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে চাইছে।
সরকারি সূত্রগুলো বলছে, ইন্টারপোলের ওয়েবসাইট থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পরোয়ানা প্রত্যাহার ও তাঁর সংবাদ প্রকাশের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণাসহ সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিএনপিকে চাপে রাখতে চাইছে সরকার। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জামিন বাতিল করে তাঁকে কিছু সময়ের জন্য কারাগারে নেওয়া ওই কৌশলেরই অংশ। কয়েকজন মন্ত্রী ও সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলে এ অবস্থার কথা জানা গেছে।
একজন জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, বর্তমান সময়টা সরকারের ভালো যাচ্ছে না। রিজার্ভের টাকা চুরি, মালয়েশিয়ায় ১৫ লাখ শ্রমিক নিয়োগের চুক্তি বাতিল, বাংলাদেশের কার্গো বিমান পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাসহ তনু হত্যাকাণ্ডের ঘটনায় সরকার যথেষ্ট চাপে রয়েছে। এ সময়ে সরকারের বিরোধী পক্ষ ধাক্কাধাক্কি করার চেষ্টা করবে—এটাই স্বাভাবিক। তাই সরকারের কঠোর হওয়া ছাড়া বিকল্প নেই।
অবশ্য, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মির্জা ফখরুল ইসলামের কারাগারে যাওয়ার সঙ্গে সরকারের অবস্থানের কোনো সম্পর্ক নেই বলে মনে করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। জানতে চাইলে গতকাল প্রথম আলোকে তিনি বলেন, বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাসী। সুনির্দিষ্ট মামলায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে। আদালত যা সিদ্ধান্ত দেবেন, তা সবার জন্য প্রযোজ্য।
মহাসচিব হলেন ফখরুল: অবশেষে বিএনপির মহাসচিব হলেন মির্জা ফখরুল ইসলাম। গতকাল সোয়া ১১টায় জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপির চেয়ারপারসনের পক্ষে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাঁকে মহাসচিব ঘোষণা করেন।
১৯ মার্চ অনুষ্ঠিত দলের ষষ্ঠ জাতীয় সম্মেলনের ১১ দিন পর এ সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব ছাড়াও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও কোষাধ্যক্ষের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব ও মিজানুর রহমান সিনহা কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন।
তিন নেতার নাম ঘোষণা করে রিজভী বলেন, কাউন্সিলে সব সদস্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়িত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তিনিই জাতীয় নির্বাহী কমিটি গঠন করবেন। কাউন্সিলরদের দেওয়া ক্ষমতাবলে চেয়ারপারসন নির্বাহী কমিটির তিনটি পদে নেতাদের মনোনয়ন দিয়েছেন।
এর মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলামের মহাসচিব হওয়াটা ছিল প্রত্যাশিত। ২০১১ সালের ১৬ মার্চ বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে তিনি ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। কিন্তু গতকাল মহাসচিব ঘোষণার ঘণ্টা খানেকের মাথায় নাশকতার দুটি মামলায় আদালত তাঁকে কারাগারে পাঠান। এতে নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
বিকেলে মির্জা ফখরুল ইসলামকে কারাগারে পাঠানোর খবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে রহুল কবির রিজভীর নেতৃত্বে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ঘুরে আসে।
মিছিল শেষে দ্বিতীয় দফায় সংবাদ সম্মেলন ডেকে বিএনপির নবনিযুক্ত সিনিয়র যুগ্ম মহাসচিব দলের নতুন মহাসচিবকে (মির্জা ফখরুল) কারাগারে পাঠানোর ঘটনাকে সরকারের ‘গভীর ষড়যন্ত্রের’ অংশ বলে মন্তব্য করেন।
সন্ধ্যা সাড়ে ছয়টায় তৃতীয় দফা সংবাদ সম্মেলন করে রুহুল কবির রিজভী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন। তিনি বলেন, মূলত বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য সরকারের লোকজন সে সময়ে পেট্রলবোমা মারে। এর বহু দৃষ্টান্তসহ বহু লোককে হাতেনাতে ধরা হয়েছে।
খালেদা জিয়াকে হুকুমের আসামি করার বিষয়ে রিজভী বলেন, ‘ওই সময়ে একটা পাখি পর্যন্ত গুলশানের অফিসে ঢুকতে পারে না। তারপরে হুকুমটা গেল কোন দিক দিয়ে। এই মামলা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
বিএনপিতে মহাসচিবের পর সিনিয়র যুগ্ম মহাসচিব পদটিও গুরুত্বপূর্ণ। গতকাল রুহুল কবির রিজভীকে এ পদ দেওয়া হয়। এ পদে সর্বশেষ মির্জা ফখরুল ইসলাম, তারও আগে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছিলেন। তারেক রহমানের জন্যই ২০০২ সালে এ পদটি সৃষ্টি করা হয়েছিল। আর নবনিযুক্ত কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা আগেও এ পদে ছিলেন।
দুপুরে জামিন আবেদন নাকচ, বিকেলে মঞ্জুর: আদালত প্রতিবেদক জানান, ২০১৫ সালের জানুয়ারিতে রাজধানীর পল্টন থানার তিনটি নাশকতার মামলায় গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মির্জা ফখরুল ইসলাম। মহানগর হাকিম গোলাম নবী শুনানি শেষে দুপুরে এক মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন। বাকি দুটিতে জামিনের আবেদন নাকচ করে আদালত বেলা একটার দিকে ফখরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের আদেশের পরপরই মির্জা ফখরুল ইসলামকে এজলাস থেকে প্রথমে কোর্ট হাজতখানায়, এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এদিকে মির্জা ফখরুলের আইনজীবীরা একই আদালতে জামিন আবেদন পুনর্বিবেচনার জন্য আবেদন জানান। আবার শুনানি শেষে বিকেল চারটার দিকে আদালত অসুস্থতা বিবেচনায় তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। এ তিন মামলায় ফখরুল হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।
সন্ধ্যা সাতটায় ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান বিএনপির নবনিযুক্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এ সময় তাঁর স্ত্রী রাহাত আরা বেগমসহ দলের নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় ফখরুল তাঁর পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাত নয়টার দিকে তিনি বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তাঁর গুলশানের বাসায় গিয়ে দেখা করেন।
কারাগার থেকে বের হয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করাই আমার বড় চ্যালেঞ্জ। এ আন্দোলনে দলমত-নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে দেখতে চাই।’