মহাসচিবকে বহিষ্কার করেছে ইসলামিক পার্টির আরেকাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ছেড়ে নতুন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টে (এনডিএফ) যোগ দেওয়া ইসলামিক পার্টির মহাসচিব এ রশীদ প্রধানকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে দলটির আরেক অংশ।
গতকাল শুক্রবার ইসলামিক পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এজাজ হোসেনের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্টিয়ারিং কমিটির এক জরুরি সভায় এ রশীদকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
দলটির চেয়ারম্যান আবদুল মোবিন সস্ত্রীক পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গেছেন। মো. এজাজ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আছেন। তাঁর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের চেয়ারম্যান দেশের বাইরে থাকার সুযোগ কাজে লাগিয়ে মহাসচিব এ রশীদ নতুন জোটে যোগ দিয়েছেন। এটাকে ‘ষড়যন্ত্র’ বলে উল্লেখ করে এ জন্য এ রশীদকে দলের মহাসচিব ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের চেয়ারম্যান হজ থেকে ফেরার আগ পর্যন্ত অতিরিক্ত মহাসচিব আবু তাহের চৌধুরী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন।
এ রশীদ দাবি করেন, তাঁর নেতৃত্বাধীন ইসলামিক পার্টিই মূল ইসলামিক পার্টি। গঠনতন্ত্র মোতাবেক মো. এজাজ ভারপ্রাপ্ত সভাপতি হতে পারেন না। স্টিয়ারিং কমিটিতে যাঁরা আছেন, তাঁরা বহিরাগত। তাই তাঁকে (রশীদ) বহিষ্কার করার অধিকার এঁদের নেই। ২০-দলীয় জোট থেকে বের হয়ে আসা এনপিপির একাংশের চেয়ারম্যান শওকত হোসেনের নেতৃত্বে গত বৃহস্পতিবার এনডিএফ নামের নতুন জোট আত্মপ্রকাশ করে। এ রশীদ নিজেকে ইসলামিক পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিচয় দিয়ে নতুন এই জোটে যোগ দেন।