মহাসড়ক বন্ধ করে যুবলীগের সভা
বগুড়ার শেরপুর উপজেলা সদরের করতোয়া বাসস্ট্যান্ডের কাছে মহাসড়ক বন্ধ করে গতকাল শনিবার সভা করেছে উপজেলা যুবলীগ। এর ফলে এ সড়কে তিন ঘণ্টার বেশি যানচলাচল বন্ধ থাকে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।
সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের পাশে ফুটপাতের ওপর তৈরি করা হয়েছে মঞ্চ। ফুটপাতের পাশাপাশি সড়কের অর্ধেকজুড়ে চেয়ার পেতে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছুটা দক্ষিণে নন্দীগ্রাম মোড়ে মোতায়েন রয়েছেন পুলিশের কয়েকজন সদস্য। তাঁরা সড়কের ওই স্থানে যানবাহন আটকে দিচ্ছেন। এতে করে ওই এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।
সভা চলাকালে নন্দীগ্রাম মোড়ে দায়িত্ব পালন করছিলেন শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) এবাদ আলী মোল্লা। জানতে চাইলে তিনি বলেন, তিনি বাসস্ট্যান্ড এলাকায় আসার আগেই মহাসড়কের ওপর কিছু অংশজুড়ে সভা শুরু হয়ে যায়। তাই দুর্ঘটনা রোধে এ সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ করে বিকল্প পথে চলার ব্যবস্থা করে দিচ্ছেন তাঁরা।
উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম বলেন, বিগত দিনগুলোতে স্থানীয় অনেক রাজনৈতিক দলই এখানে সভা করেছে। তবে তিনি দাবি করেন, তাঁদের সভার কারণে মহাসড়কের যানবাহন চলাচলে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি।