মহাসড়কে আড়াই ঘণ্টা অবরোধ, সংঘর্ষে আহত ৩০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার এলাকায় গতকাল শনিবার বিকেলে হঠাৎ অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশা চালকেরা। এ সময় মহাসড়কের ঢাকামুখী অংশে অটোরিকশা জড়ো করে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এ অবরোধ ছিল।
স্থানীয় খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদ ইকবাল চৌধুরীকে বহনকারী অটোরিকশা মহাসড়ক দিয়ে যাতায়াতে হাইওয়ে পুলিশ বাধা দিলে এ ঘটনা ঘটে। এ সময় কয়েক দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।
এ ছাড়া পুলিশের একটি অস্ত্র ছিনিয়ে নেন অবরোধকারীরা। পরে সেটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান জাহিদ ইকবাল চৌধুরীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহাবুবুর রহমান।
২০১৫ সালের ১ আগস্ট থেকে সারা দেশের মহাসড়কে অটোরিকশা ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ বাধা দিলেও চেয়ারম্যান অটোরিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় চেয়ারম্যানের সঙ্গে হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক জাকির হোসেনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। জাকির তখন মহাসড়কের ওই স্থানে দায়িত্বরত ছিলেন। বাধা দেওয়ার পর চেয়ারম্যান মহাসড়কে অবস্থান করে তাঁর লোকজন ও অটোরিকশা চালকদের মুঠোফোনের মাধ্যমে ডেকে আনেন। আধা ঘণ্টার মধ্যে কমপক্ষে ২০টি সিএনজিচালিত অটোরিকশাযোগে লোকজন এসে সড়ক অবরোধ করেন। তাঁরা এসেই সড়কে থাকা পুলিশের দলকে ধাওয়া দেন। এরপর অতিরিক্ত পুলিশ এলে অবরোধকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। কয়েক দফা সংঘর্ষে পুলিশ অবরোধকারীদের লাঠিপেটা করেন। এ সময় গুলির শব্দ শোনা যায়। অবরোধকারীরা পুলিশের টোকেন বাণিজ্য বন্ধে স্লোগান দেন।
এ ব্যাপারে ঘটনাস্থলে খৈয়াছড়া ইউপি চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী বলেন, ‘উপজেলার মিঠানালা এলাকার একটি জানাজায় অংশ নেওয়ার জন্য বড়তাকিয়া বাজার হয়ে অটোরিকশাযোগে যেতে চাইলে এএসআই জাকির হোসেন বাধা দেন। এ সময় আমার পরিচয় জানানোর পরও তিনি দুর্ব্যবহার করেন। ওই পুলিশের কর্মকর্তা চালককে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে ফেলেন। দূরে দাঁড়িয়ে থাকা অন্য চালকেরা এ ঘটনা দেখে খবরটি বাজারে পৌঁছালে সেখান থেকে লোকজনে এসে পুলিশকে ধাওয়া দেয়। পরে বিপুলসংখ্যক পুলিশ এসে বেধড়ক পেটায় লোকজনকে।’
পরে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আক্তার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের শান্ত করেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
অবরোধের সময় সড়কের চট্টগ্রামমুখী অংশ খোলা ছিল। ওই পাশ দিয়ে থেমে থেমে গাড়ি চলাচল করেছে। তবে সংঘর্ষের সময় প্রায় আধঘণ্টার মতো আটকে পড়া যানবাহনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। অবরোধের সময় সংর্ঘষে আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইরুল ইসলাম গতকাল শনিবার রাত ১০টায় প্রথম আলোকে বলেন, আহত পাঁচ পুলিশের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনায় দুপক্ষের লোকজনই আহত হয়েছে। মহাসড়ক বন্ধ করে রাখা হয়েছিল দীর্ঘসময়। তদন্ত হলে পুরো বিষয়টি পরিষ্কার হবে।