মহিউদ্দিন চৌধুরীর জন্মদিন পালিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ৭১তম জন্মদিন পালিত হয়েছে গতকাল মঙ্গলবার। এ উপলক্ষে তাঁর নগরের চশমা হিলের বাসায় নেতা-কর্মীদের ঢল নামে।
১৯৪৪ সালের ১ ডিসেম্বর চট্টগ্রামের রাউজানের গহিরায় জন্মগ্রহণ করেন মহিউদ্দিন চৌধুরী।
দলীয় সূত্র জানায়, মহিউদ্দিন চৌধুরীর জন্মদিন উপলক্ষে গতকাল পারিবারিকভাবে কোনো আয়োজন ছিল না। এরপরও গতকাল সকাল থেকে দলীয় নেতা-কর্মীরা চশমা হিলের বাসায় ভিড় জমাতে থাকেন। তাঁরা ফুল নিয়ে মহিউদ্দিন চৌধুরীকে শুভেচ্ছা জানান। দুপুরে তিনি কেক কাটেন। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চশমা হিলের বাসভবন।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম প্রথম আলোকে বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী বটবৃক্ষের মতো চট্টগ্রামবাসীকে ছায়া দিয়ে যাচ্ছেন। তিনি সব অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে আসছেন। তিনি চট্টগ্রামকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলেছেন।’ তিনি বলেন, জন্মদিন উপলক্ষে মহিউদ্দিন চৌধুরীকে শুভেচ্ছা জানাতে হাজার হাজার মানুষ তাঁর চশমা হিলের বাসায় গেছেন।