মহিউদ্দিনকে বিদায়, 'গুরু' এখন নাছির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসের রাজনীতিতে সক্রিয় ছাত্রলীগের তিনটি পক্ষ। তারা হলো ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স), সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও ক্যাম্পাস ছাত্রলীগ (বর্তমানে বিজয়)। গত বছরের ১৪ ডিসেম্বর সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের পর ক্যাম্পাসছাড়া হন ভিএক্স পক্ষের নেতা-কর্মীরা। ছয় মাস পর গতকাল রোববার আবার ক্যাম্পাসে ফিরেছেন তাঁরা। তবে তাঁদের ‘গুরু’ এখন আর মহিউদ্দিন নন, নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিন।
গত বছরের ১৪ ডিসেম্বর তাপস খুনের ঘটনায় ভিএক্স পক্ষের নেতা-কর্মীদের আসামি করে দুটি মামলা হয়। এরপর গ্রেপ্তার আতঙ্কে শাহজালাল হল ছেড়ে যান ভিএক্স পক্ষের শতাধিক নেতা-কর্মী।
ভিএক্স পক্ষের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসম্পাদক মিজানুর বিপুল প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র হয়েও আমরা প্রায় ১৩০ জন নেতা-কর্মী ছয় মাস ধরে ক্যাম্পাসে আসতে পারিনি। নাছির ভাইয়ের উদ্যোগে অবশেষে ক্যাম্পাসে এসেছি। এখন থেকে আমরা নাছির ভাইয়ের অনুসারী হিসেবে ক্যাম্পাসে রাজনীতি করব।’
গতকাল সকাল সাড়ে ১০টায় নাছির পক্ষের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু ও নাজমুল হোসাইনের নেতৃত্বে ভিএক্স পক্ষের শতাধিক নেতা-কর্মী ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় প্রতিপক্ষ বিজয় পক্ষের নেতা-কর্মীরা ক্যাম্পাসের রেলস্টেশন এলাকায় অবস্থান নেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এত দিন মহিউদ্দিনের অনুসারী হয়ে ক্যাম্পাসে রাজনীতি করলেও এখন নাছিরের অনুসারী হয়ে ক্যাম্পাসে প্রবেশের বিষয়ে মিজানুর বিপুল জানান, প্রতিপক্ষের নেতা-কর্মীরা মহিউদ্দিন চৌধুরীর কাছে তাঁদের নামে উল্টাপাল্টা নালিশ করেছেন। যে কারণে তিনি (মহিউদ্দিন) ভুল বুঝেছেন। হলে তুলে দেওয়ার বিষয়েও তিনি কোনো ব্যবস্থা নেননি। পরে আ জ ম নাছিরের সঙ্গে দেখা করলে তিনি হলে ওঠার ব্যবস্থা করে দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক এবং আ জ ম নাছির উদ্দিনের অনুসারী এম এ খালেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নাছির ভাই কয়েক দিন আগে আমাদের ডেকে যারা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্র এবং যাদের নামে কোনো মামলা নেই, তাদের হলে উঠিয়ে দিতে সহযোগিতা করতে বলেন। এর পরিপ্রেক্ষিতে আমরা তাদের হলে উঠিয়ে দিই।’
তাহলে ভিএক্স পক্ষের নেতা-কর্মীরা এখন থেকে আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হয়ে ক্যাম্পাসে রাজনীতি করবেন কি না, এমন প্রশ্নের জবাবে খালেদ চৌধুরী বলেন, ‘এখন থেকে তাঁরা আমাদের সঙ্গেই রাজনীতি করবেন।’
তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে ভিএক্স পক্ষের নেতা-কর্মীদের ফিরে আসার বিষয়টি ‘সহ্য’ করতে পারছেন না প্রতিপক্ষ সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও ক্যাম্পাস ছাত্রলীগ (বর্তমানে বিজয়) পক্ষের নেতা-কর্মীরা। ফলে আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন সাধারণ শিক্ষার্থীরা। গত দুই বছরে ভিএক্স পক্ষের সঙ্গে তাঁদের অন্তত সাতবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সর্বশেষ ২০১৪ সালের ১৪ ডিসেম্বর দুই পক্ষের সংঘর্ষে নিহত হন সংস্কৃত বিভাগের শিক্ষার্থী তাপস সরকার।
তবে মহিউদ্দিনের অনুসারী বিজয় পক্ষের নেতা ও ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি অমিত কুমার বসু এবং যুগ্ম সম্পাদক সুমন মামুন প্রথম আলোকে বলেন, ‘একটি অপরাধের বিচারহীনতা আরেকটি অপরাধের জন্ম দেয়। আশা করি অভিভাবকেরা বিষয়টি সযত্নে আমলে নেবেন। তাপস সরকারের খুনের সঙ্গে জড়িতরা যে প্রক্রিয়ায় ক্যাম্পাসে প্রবেশ করেছে, এর পরবর্তী যেকোনো ঘটনার দায়ভার সংশ্লিষ্ট প্রশাসন ও তাদেরই নিতে হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌলাহ বলেন, যাঁরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যাঁদের নামে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, তাঁদের হলে থাকার অধিকার রয়েছে। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।
ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গত বছরের জুন মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকে শাটল ট্রেনের বগিভিত্তিক বিভিন্ন সংগঠনের নামে মহিউদ্দিনের অনুসারী নেতা-কর্মীরা পৃথকভাবে সাংগঠনিক কর্মসূচি পালন করে আসছেন।