চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে ১৪ দলের মেয়র পদে প্রার্থী ঘোষণা করতে প্রধানমন্ত্রীর কাছে আজকালের মধ্যে চিঠি পাঠানো হচ্ছে। গতকাল রোববার চট্টগ্রামে ১৪ দলের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, গতকাল মোমিন রোডের একটি রেস্তোরাঁয় স্থানীয় ১৪ দলের নেতারা সভা করেন। সেখানে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়। বৈঠকে নগর আওয়ামী লীগের চারজন সহসভাপতি, একজন যুগ্ম সম্পাদক, দুজন সাংগঠনিক সম্পাদক ও একজন প্রচার সম্পাদক ছাড়াও জাসদ, গণ-আজাদী লীগ, সাম্যবাদী দলসহ বিভিন্ন দলের অন্তত ৪০ জন নেতা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জাসদের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ইন্দু নন্দন দত্ত।
তবে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে জানান, তিনি বৈঠকের কথা শুনেছেন। তবে মেয়র পদে প্রার্থিতার বিষয়টি ওই বৈঠকের এজেন্ডায় ছিল না বলে তিনি দাবি করেছেন। তিনি বলেন, চায়ের দোকানে বসে প্রার্থী ঠিক করা কতটুকু যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন রয়েছে। মেয়র পদে কে প্রার্থী হবেন, তা আলোচনার মাধ্যমে আওয়ামী লীগ ঠিক করবে বলে জানান তিনি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়ে কয়েক মাস ধরেই বিভিন্ন সামাজিক আয়োজনে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। গতকালের ১৪ দলের বৈঠকে তাঁদের কেউ উপস্থিত ছিলেন না।
বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে মহিউদ্দিন চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘১৪ দলের নেতারা যে সিদ্ধান্ত নিয়েছেন, আমার দল তা বিবেচনা করবে।’
বৈঠকে উপস্থিত ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা সভাপতি আবু হানিফ জানান, মহিউদ্দিন চৌধুরী তিন মেয়াদে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ছিলেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিবর্তন এনেছিলেন। চট্টগ্রামকে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরে পরিণত করেছিলেন তিনি। তাই তাঁকে আবার মেয়র পদে প্রার্থী করতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে তাঁর কাছে মহিউদ্দিন চৌধুরীর প্রতি সবার সমর্থনের কথাও বলা হবে।
নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জানান, গতকালের বৈঠকে উপস্থিত সব নেতাই মহিউদ্দিন চৌধুরীকে মেয়র পদে প্রার্থী করার বিষয়ে নিজেদের সমর্থন দেন।
প্রধানমন্ত্রীর কাছে মহিউদ্দিন চৌধুরীরর নাম প্রস্তাব করার বিষয়ে নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম প্রথম আলোকে জানান, চট্টগ্রামে ১৪ দলের নেতারা বৈঠক করে মেয়র পদে মহিউদ্দিন চৌধুরীকে সমর্থন দিয়েছেন এটা শুনেছি। তাঁরা ১৩ দলের প্রার্থী কে হবেন, তা ঠিক করতে পারেন। আওয়ামী লীগের প্রার্থী কে হবেন, তা ঠিক করবেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।